ডোমকলে বহু নার্সিংহোমে নেই পর্যাপ্ত পরিকাঠামো
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: ডোমকল শহরের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক নার্সিংহোম। সিজার থেকে শুরু করে নানা ধরনের অপারেশন সেখানে করা হচ্ছে। কম খরচে চিকিৎসার জন্য রোগী ও তাঁদের আত্মীয়রা সেখানে যাচ্ছেন। অভিযোগ, বেশিরভাগ নার্সিংহোমেই চিকিৎসা পরিকাঠামোর ঘাটতি রয়েছে। এমনকি, জরুরি পরিস্থিতিতে হাতেগোনা দু’-একটি নার্সিংহোম ছাড়া আইসিইউ, এনআইসিইউ ইউনিট নেই। ফলে অস্ত্রোপচারের পর সদ্যোজাত, প্রসূতি ও অন্যান্য রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে শেষ ভরসা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল।

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রের দাবি, শহরজুড়ে ২০টির বেশি নার্সিংহোম রয়েছে। চিকিৎসক সূত্রের দাবি, প্রসবের পর সদ্যোজাতের শ্বাসকষ্ট, অক্সিজেনের ঘাটতি, কম ওজন, সংক্রমণ কিংবা অন্য কোনো জটিলতা দেখা দিলে দ্রুত বিশেষ পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন হয়। সেই কারণেই এনআইসিইউয়ের মতো বিশেষ ইউনিট খুবই গুরুত্বপূর্ণ। সেখানে প্রশিক্ষিত কর্মী, নির্দিষ্ট পর্যবেক্ষণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে অসুস্থ সদ্যোজাতকে নজরদারিতে রাখা হয়। অথচ মাত্র দু’ একটি নার্সিংহোমে এনআইসিইউ ইউনিট রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।
বিশেষত প্রসূতি ও সদ্যোজাতের ক্ষেত্রে পরিকাঠামো খুবই জুরুরি। কারণ, প্রসবের পর সদ্যোজাতের শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিলতা তৈরি হলে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। ফলে যেখানে সিজারের মতো পরিষেবা রয়েছে, সেখানে অন্তত এইরকম ইউনিট থাকলে জরুরি পরিস্থিতি সামাল দেওয়া যায়। নার্সিংহোম মালিকদের একাংশের দাবি, কোথাও কোথাও অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও যথাযথভাবে করা হচ্ছে না। কম খরচে সিজার করতে গিয়ে চিকিৎসার মানের সঙ্গে সমঝোতা করা হচ্ছে বলেও অভিযোগ।
তাঁদের আরও দাবি, অনেক নার্সিংহোমে খাতায়-কলমে বিভিন্ন পরিষেবা দেওয়ার ও পরিকাঠামো আছে বলে দেখানো হলেও বাস্তবে তা নিয়মিত চালু থাকে না। শুধু চিকিৎসা পরিকাঠামো নয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। দমকল সূত্রের দাবি, একাধিক নার্সিংহোমে ফায়ার সেফটির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক দমকলের এক আধিকারিক বলেন, কিছু বলার নেই। দালালে ভরে গিয়েছে। দালালের মাধ্যমেই খাতায়-কলমে কিছু কিছু জিনিস ঠিক রাখা হচ্ছে। কিন্তু, বাস্তবে কিছু নার্সিংহোম ছাড়া অধিকাংশ জায়গাতেই ফায়ার সেফটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। উলটে দালাল ধরে কাগজপত্র ঠিক করে নেওয়া হচ্ছে।
ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানা বলেন, ডোমকলের চিকিৎসা ব্যবস্থার খুবই খারাপ অবস্থা। নার্সিংহোমগুলির চিকিৎসা পরিষেবা খুবই নিম্নমানের। আমি স্বাস্থ্যদপ্তরের কর্তাদের বলব, নিয়মিত নার্সিংহোমগুলি পরিদর্শন করে এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার জন্য।