Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাম্বু মিশনের সুবিধা থেকে বঞ্চিত কয়েক হাজার শিল্পী, ভোটের আগে ভোলানো হচ্ছে, কটাক্ষ তৃণমূলের

কেন্দ্রীয় বাম্বু মিশনের সুবিধা থেকে বঞ্চিত দক্ষিণ দিনাজপুর জেলার কয়েক হাজার বাঁশশিল্পী।

বাম্বু মিশনের সুবিধা থেকে বঞ্চিত কয়েক হাজার শিল্পী, ভোটের আগে ভোলানো হচ্ছে, কটাক্ষ তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: কেন্দ্রীয় বাম্বু মিশনের সুবিধা থেকে বঞ্চিত দক্ষিণ দিনাজপুর জেলার কয়েক হাজার বাঁশশিল্পী।
২০২৫ সালে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গে বাম্বু মিশনের কাজ শুরুর আবেদন জানান। সেই সময় কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি। তারই অঙ্গ হিসেবে বালুরঘাট শহরে জাতীয় বাম্বু মিশনের উদ্যোগে কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কিন্তু বাস্তবে প্রকল্পের কাজ আজও শুরু হয়নি জেলায়।

Advertisement


বালুরঘাট, গঙ্গারামপুরের রাজিবপুর ও নয়াবাজার, কুশমণ্ডির ঊষাহরণ ও মঙ্গলপুর, হরিরামপুরের সুন্দইল ও মহেন্দ্রপুরের পাশাপাশি বুনিয়াদপুর শহর এলাকায় বাঁশের কাজের সঙ্গে যুক্ত অসংখ্য শিল্পী। মূলত ডালি, কুলো তৈরি করেই তাঁদের জীবিকা নির্বাহ হয়। উষাহরণ এলাকার শিল্পীরা আবার বাঁশ দিয়ে জুয়েলারি ও ফার্নিচার তৈরির কাজ করেন। শিল্পীদের একাংশের অভিযোগ, চিঠি আর কর্মশালার মধ্যেই বাম্বু মিশনকে আটকে রাখা হয়েছে। প্রকল্পের রূপায়ণে কারও উদ্যোগ চোখে পড়ছে না।জেলা শিল্প দপ্তর সূত্রে জানা গিয়েছে,সরকারি পরিচয়পত্র না থাকলেও জেলায় কয়েক হাজার মানুষ বাঁশশিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। দপ্তরের জেনারেল ম্যানেজার তরুণ কুমার দে বলেন, জেলায় বাঁশশিল্পীরা থাকলেও সরকারিভাবে এখনও বাম্বু মিশনের কাজ শুরু হয়নি।এত প্রচারের পরেও সুকান্তর নিজের জেলাতেই কেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না শিল্পীদের কাছে, তা নিয়েই উঠছে প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে শিল্পীদের বিভ্রান্ত করতেই এই নাটক। পশ্চিমবঙ্গ ছাড়া দেশের প্রায় সব রাজ্যেই বাম্বু মিশনের কাজ চলছে, অথচ বাংলায় শুধুই আশ্বাস।


বুনিয়াদপুরের বাঁশশিল্পী বিনয় মুর্মুর কথায়, বংশানুক্রমে এই কাজ করে আসছি। প্লাস্টিকের দাপটে এখন ডালি-কুলোতেই আমাদের কাজ সীমাবদ্ধ। কোনও সরকারি সাহায্য পাই না, কেন্দ্রীয় প্রকল্পের বিষয়েও কেউ কিছু জানায়নি।
সুকান্তর দাবি, রাজ্য সরকার সহযোগিতা না করায় প্রকল্পের বাস্তবায়ন আটকে রয়েছে। বাম্বু মিশন কী, তা জানাতে কর্মশালা হয়েছে। আমরা ওড়িশার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে রাজ্যে প্রকল্প চালু করব। শীঘ্রই কাজ শুরু হবে।
অন্যদিকে, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, কেন্দ্র থেকে কিছু আদায় করার ক্ষমতা নেই রাজ্য বিজেপি নেতাদের। ভোটের আগে চিঠি দেখিয়ে মানুষকে ভোলানো হচ্ছে। এই পেশার সঙ্গে যুক্ত বহু মানুষের উন্নয়নের কথা শুধু মুখেই। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ