Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

নির্বাচনি কমিটি থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ মণীশ তিওয়ারি, ভোটমুখী পাঞ্জাবে কোন্দল হাত শিবিরে

পাঞ্জাবে নির্বাচনি কমিটিতে বাদ পড়ায় ক্ষুব্ধ মণীশ তিওয়ারি। কংগ্রেসের নতুন কমিটি নিয়ে অসন্তোষ। বিস্তারিত পড়ুন।

নির্বাচনি কমিটি থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ মণীশ তিওয়ারি, ভোটমুখী পাঞ্জাবে কোন্দল হাত শিবিরে
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও চণ্ডীগড়: আগামী বছর পাঞ্জাবে বিধানসভা ভোট। গতবারের ভরাডুবি ভুলে ফের পঞ্চনদের ভূমি দখলে মরিয়া কংগ্রেস। সেই লক্ষ্যেই বুধবার হাত শিবির ঘোষণা করেছে নির্বাচনি কমিটি। রাখা হয়েছে প্রায় জনাকুড়ি নেতাকে। প্রদেশ সভাপতি ও বিরোধী দলনেতা পদে বদল হয়নি। বরং সেই কমিটিতে যুক্ত হয়েছে একঝাঁক নতুন নাম। রয়েছেন পাঞ্জাবের একাধিক প্রবীণ সাংসদ ও বিধায়কও। কিন্তু সেই ‘কোর টিমে’ জায়গা হয়নি দলের প্রবীণ নেতা মণীশ তিওয়ারির। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। চণ্ডীগড়ের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বৃহস্পতিবার হতাশার সুরে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিগত ৪৫ বছরে কংগ্রেস আমাকে অনেক কিছু দিয়েছে। আমিও দলের জন্য জীবন উৎসর্গ করেছি। কিন্তু ভাগ্যকে কে এড়াতে পারে... কে সেরা সেরা (যা হওয়ার হবে)!’

Advertisement

সোশ্যাল মিডিয়ায় সরব হলেও এবিষয়ে সংবাদ মাধ্যমের কাছে বাড়তি কিছু বলতে চাননি তিওয়ারি। শুধু বলেছেন, ‘আমি যা বলতে চেয়েছি তা আমার পোস্টেই রয়েছে।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক পাঞ্জাবের অন্য এক প্রবীণ নেতার বক্তব্য, সাংগঠনিক শীর্ষ পদের প্রত্যাশা মণীশ তিওয়ারির ছিল না। তবে চণ্ডীগড়ের আগে লুধিয়ানা ও আনন্দপুর সাহিবের সাংসদ ছিলেন তিনি। অতীতে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। পাঞ্জাবে দলের বহু দায়িত্ব পালন করেছেন। তা সত্ত্বেও কমিটি গঠনের আগে আলোচনা প্রক্রিয়ার কোনো স্তরেই তাঁর সঙ্গে কথা বলা হয়নি।
মণীশ আরও লিখেছেন, ‘প্রতিভাবান হওয়াটাই বড়ো ত্রুটি... নিরাপত্তাহীনতায় ভোগা ব্যক্তি বা প্রতিষ্ঠানের দাওয়াই যদি আমার জানা থাকত!’ কে সেই ‘নিরাপত্তাহীনতায় ভোগা ব্যক্তি’? মণীশ নিজে প্রকাশ্যে কারও নাম না নিলেও কংগ্রেস সূত্রে খবর, পাঞ্জাবের এই সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া চলেছে সম্পূর্ণভাবে রাহুল গান্ধীর তত্ত্বাবধানে। ঘটনাচক্রে, ২০২০ সালের আগস্টে কংগ্রেসের যে ২৩ জন বিক্ষুব্ধ নেতা (জি-২৩ নামে খ্যাত) সাংগঠনিক সংস্কারের দাবিতে তৎকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন, তাঁদের অন্যতম ছিলেন তিওয়ারি। তবে শুধু তিনি নন, পাঞ্জাবের কমিটি নিয়ে অখুশি আরও বহু নেতা। প্রদেশ সভাপতি পদে অমরিন্দর সিং রাজা ওয়ারিংকে বহাল রাখায় খুশি নন চরণজিৎ সিং চান্নি সহ অনেকেই।   

Advertisement
সম্পর্কিত সংবাদ