Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

মণিপুরের নতুন চমক

মণিপুরের নতুন চমক
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 বিশ্বের অন্যতম উঁচু রেলসেতু দেখার জন্য যেতে হবে মণিপুরে। জানা গিয়েছে, মণিপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ১১১ কিমি জিরিবাম-ইম্ফল রেল প্রকল্পের কাজে হাত দিয়েছে। পাহাড়, জঙ্গল, গভীর উপত্যকাবেষ্টিত প্রত্যন্ত অঞ্চলকে রেল যোগাযোগের মাধ্যমে একসূত্রে বাঁধতে প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। এর মধ্যে জিরিবাম থেকে খোংসাং পর্যন্ত কাজ শেষ করে রেলপথে পণ্য পরিবহণ অনেকদিন আগেই শুরু হয়েছে।

Advertisement

এই রেলপথ নিয়ে যেতে মণিপুরের নোনিতে একটি সেতু তৈরি করার প্রয়োজন দেখা দেয়। সেই সেতু তৈরি করতে গিয়েই বিশ্বের অন্যতম উঁচু রেলসেতু নির্মাণ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ১৪১ মিটার উচ্চ রেলসেতুটি মণিপুরের ‘নোনি সেতু’ নামে পরিচিত। ইতিমধ্যে সেতুটির কাজ প্রায় শেষ। এই সেতু তৈরি করা রেলের কাছে কঠিন চ্যালেঞ্জ ছিল। ইঞ্জিনিয়ারদের প্রতিটি মুহূর্তে এই অঞ্চলের জটিল ভূতাত্ত্বিক এবং জলবায়ুগত সমস্যার মোকাবিলা করতে হয়েছে। এলাকায় আছে কঠিন পাহাড়ি ভূখণ্ড এবং গভীর উপত্যকা। এরকম চ্যালেঞ্জিং পরিবেশে এত উঁচু সেতু তৈরি করা নির্মাণ কর্মীদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, উদ্ভাবন ও প্রকৌশলগত উৎকর্ষতার প্রতিফলন ঘটিয়েছে। অত্যাধুনিক নির্মাণ কৌশলের মাধ্যমে সেতু স্থাপনের কাজ সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। 
স্বাভাবিকভাবেই এই সেতু দিয়ে ট্রেনে করে যাওয়ার সময় মণিপুরের প্রত্যন্ত অঞ্চলের চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলবে। জিরিবাম-ইম্ফল এই নতুন রেলপথ উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্পগুলির মধ্যে একটি। জিরিবাম-ইম্ফল রেলপথ প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার পর মণিপুরের যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটবে। ওই রাজ্যের অনেক প্রত্যন্ত অঞ্চলের চেহারাই বদলে যাবে। যা সেখানকার অর্থনৈতিক এবং আঞ্চলিক উন্নয়নকে ব্যাপকভাবে ত্বরান্বিত করবে বলেও আশাবাদী তথ্যাভিজ্ঞ মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ