Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পুরস্কার, খুশি মণীন্দ্রনগর পঞ্চায়েত

বহরমপুর শহর লাগোয়া মণীন্দ্রনগর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নজর কাড়ছে। বর্জ্য পদার্থ পৃথকীকরণ করে পুনরায় ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছে গ্রাম পঞ্চায়েত।

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পুরস্কার, খুশি মণীন্দ্রনগর পঞ্চায়েত
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর শহর লাগোয়া মণীন্দ্রনগর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নজর কাড়ছে। বর্জ্য পদার্থ পৃথকীকরণ করে পুনরায় ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছে গ্রাম পঞ্চায়েত। জেলায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পুরস্কার পেয়েছে মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বর্তমান বোর্ড একত্রিতভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পেরেছে। নিয়ম করে বর্জ্য পদার্থের গাড়িতেই আবর্জনা ফেলছেন স্থানীয় বাসিন্দারা। ফলে গ্রামের রাস্তা ও নিকাশি নালার মধ্যে আবর্জনা কম জমছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ভালো কাজ করার জন্য রাজ্যের পঞ্চায়েত ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নার হাত থেকে পুরস্কার নিয়েছে পঞ্চায়েত প্রধান সুষমা ঘোষ। 

Advertisement

তিনি বলেন, পঞ্চায়েতের প্রধানের আসনে বসার পরেই আমাদের লক্ষ্য ছিল এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়ন। বহরমপুর শহর লাগোয়া আমাদের পঞ্চায়েত হওয়ায় মানুষ বেশি পরিষেবা চান। আমরা লাগাতার চেষ্টা করি মানুষকে প্রয়োজনীয় পরিষেবা দিতে। পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি আমরা। সকলে মিলে চেষ্টা করেছি মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতকে সুন্দর করে গড়ে তোলার জন্য। তাই গ্রামগুলি থেকে বর্জ্য পদার্থ নিয়মিত সংগ্রহ করি। সেগুলি সুন্দরভাবে পৃথকীকরণ করার প্রকল্প গড়ে তোলা হয়েছে। সেটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। 
মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন পাড়ার বাসিন্দারা মিলে এক একটি উন্নয়ন কমিটি গঠন করেছেন। সাধারণ মানুষ নিজেদের দাবি দাওয়া সেখানে পেশ করেন। নিয়ম করে সেই দাবি পৌঁছে দেওয়া হয় পঞ্চায়েত প্রধানের কাছে। জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এক আধিকারিক বলেন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ভালোই কাজ করেছে। সেজন্য তারা স্বীকৃতিও পেয়েছে। আশা করি জেলার অন্যান্য পঞ্চায়েত তাদের দেখে অনুপ্রাণিত হবে। 
এদিন মণীন্দ্রনগরের কয়েকজন বাসিন্দা বলেন, আমরা পঞ্চায়েত থেকে যথেষ্ট ভালো পরিষেবা পাই। এলাকায় অনেক নতুন রাস্তাঘাট হয়েছে নিকাশি নালারও ব্যবস্থা করা হয়েছে। যে কয়েক জায়গায় রাস্তা ও নিকাশি নালা তৈরির কাজ বাকি আছে সেগুলির দ্রুত তৈরির দাবি জানিয়েছি আমরা। পঞ্চায়েতের তরফ থেকে দ্রুত তা করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের এলাকায় সবচেয়ে ভালো পরিষেবা হল বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন নিয়ম করে বর্জ্য পদার্থ সংগ্রহের গাড়ি আসে। সেই গাড়িতে আমরা পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করে ফেলে দিই। সেই বর্জ্য নিয়ে গিয়ে আলাদা করে প্রসেসিং করা হয়। এটা খুবই ভালো উদ্যোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ