নয়াদিল্লি: ‘উনি (রাজীব গান্ধী) ছিলেন পাইলট। দু’বার ফেল করেছিলেন। আমি ওঁর সঙ্গে কেমব্রিজে পড়তাম। সেখানে উনি ফেল করেন। অথচ ওখানে ফেল করাটাই কঠিন ছিল। সহজেই ফার্স্ট ক্লাস পাওয়া যেত। কারণ, বিশ্ববিদ্যালয় তাদের সুনাম ধরে রাখতে চায়। পড়ুয়াদের সবাই যাতে পাশ করে, সেই চেষ্টা করে। এরপর তিনি লন্ডনের ইম্পিরিয়াল কলেজে ভর্তি হন। কিন্তু সেখানেও আবার ফেল করেন। তাই আমি ভাবতাম এমন একজন কী করে প্রধানমন্ত্রী হতে পারেন?’ ছোট্ট একটা ভিডিও। সেখানে মণিশঙ্কর আইয়ারের ওই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসের বিরুদ্ধে আসরে নামল বিজেপি। দলের নেতা অমিত মালব্যর খোঁচা, অনেকেই প্রশ্ন তুলেছিলেন এমন শিক্ষাগত যোগ্যতা নিয়ে কী করে এক জন প্রধানমন্ত্রী হতে পারেন। এর পর্দা ফাঁস করা হোক।’। কংগ্রেস নেতারাও তড়িঘড়ি পাল্টা জবাব দিয়েছেন। তাঁরা ওই মন্তব্যকে অপ্রাসঙ্গিক ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতাকে হতাশাগ্রস্ত বলে খোঁচা দিয়েছেন। কিন্তু কোন প্রসঙ্গে আইয়ার ওই মন্তব্য করেছেন, তা ওই ভিডিও দেখে বোঝা যায়নি।
জানা গিয়েছে, আইয়ারের প্রায় আড়াই ঘণ্টার একটা সাক্ষাৎকারের একটা ছোট্ট অংশ ওই ভিডিও ক্লিপ। সেটিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পুরো সাক্ষাৎকারে গান্ধী পরিবারের নেতাদের রাজনৈতিক দক্ষতার কথা বলতে গিয়েই ওই মন্তব্য করেছেন আইয়ার। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কংগ্রেসকে নেতৃত্ব প্রদানের মতো দক্ষতা নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আইয়ার ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর প্রসঙ্গে তোলেন। তিনি বলেন, ইন্দিরাকেও ‘গুঙ্গি গুড়িয়া’ বা বোবা পুতুল বলা হতো। কিন্তু তিনিই পরে রাজনৈতিক দক্ষতা পরিচয় দিয়েছিলেন। এরপর রাজীব সম্পর্কেও নিজের মতামত জানাতে গিয়ে কেমব্রিজ ও ইম্পিরিয়াল কলেজের প্রসঙ্গ তোলেন। আইয়ার বলেন, তখন মনে হয়েছিল, এমন একজন কীভাবে প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু এখন আমি বলব, তিনি ছিলেন একজন অসাধারণ প্রধানমন্ত্রী। সোনিয়া গান্ধীর প্রসঙ্গও বাদ দেননি আইয়ার। এব্যাপারে তিনি বলেছেন, রাজনৈতিক কেরিয়ারের শুরুতে সোনিয়াকে বিদেশিনী তকমা দেওয়া হয়েছিল। কিন্তু পরে তিনি ভারতের রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন। রাহুল সম্পর্কেও নিজের অভিমত জানান আইয়ার। গান্ধী পরিবারের ইতিহাস তুলে ধরে রাহুলের দক্ষতার ব্যাপারে ইতিবাচক কথাই বলেছেন আইয়ার। যদিও সোশ্যাল মিডিয়ার ভিডিওতে রাজীবের ফেল করা সংক্রান্ত অংশটিই শুধু রয়েছে।
(মণিশঙ্কর আইয়ার। -ফাইল চিত্র)