Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে শুরু আম মেলা, মিলছে ১৪০ প্রজাতি

আমের জেলা মালদহ। ল্যাংড়া, ফজলি, লক্ষ্মণভোগের বাইরেও রয়েছে প্রচুর অজানা প্রজাতির আম। কালা পাহাড়, সুবর্ণরেখা, কিষাণভোগ, মালপোয়া, তোতাপুরি, বাতাসা, মধুবনী, মিছরিকান্ত, চিন্তামণি, ফুনিয়া, মতিচুর, চম্পা, আনারস রীতিমতো টেক্কা দিচ্ছে গোপালভোগ, হিমসাগরকে।

মালদহে শুরু আম মেলা, মিলছে ১৪০ প্রজাতি
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: আমের জেলা মালদহ। ল্যাংড়া, ফজলি, লক্ষ্মণভোগের বাইরেও রয়েছে প্রচুর অজানা প্রজাতির আম। কালা পাহাড়, সুবর্ণরেখা, কিষাণভোগ, মালপোয়া, তোতাপুরি, বাতাসা, মধুবনী, মিছরিকান্ত, চিন্তামণি, ফুনিয়া, মতিচুর, চম্পা, আনারস রীতিমতো টেক্কা দিচ্ছে গোপালভোগ, হিমসাগরকে। অজানা আমের রসাস্বাদনের সুযোগ করে দেওয়াই মালদহ আম মেলার স্বার্থকতা। বৃষ্টিকে উপেক্ষা করে বৃহস্পতিবার বিকেলে ‘সৃষ্টিশ্রী আম মেলা’র উদ্বোধন করেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন। উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা। তিনদিন ব্যাপী মালদহ আম মেলায় রয়েছে পাঁচটি জেলা ও ভিনরাজ্যের ১৪০টির বেশি প্রজাতির আম। জেলাশাসক বলেন, এবার সৃষ্টিশ্রী আম মেলা চারদিন ধরে চলবে। উদ্যানপালন ও পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় আম মেলার আয়োজন করা হয়েছে। মালদহ সহ বিভিন্ন জেলার একশোর বেশি প্রজাতির আমের প্রতিযোগিতা হচ্ছে। কৃষি এবং উদ্যানপালন দপ্তরের তরফে প্রচুর চারাগাছ বিলি করা হয়েছে। সেই সমস্ত গাছের আমও এখানে আনা হয়েছে। আম মেলায় নজর কেড়েছে আমের তৈরি ফুচকা। যার স্বাদ নিতে ভিড় জমে যায় বিভিন্ন স্টলে। রয়েছে আম দিয়ে তৈরি মিষ্টি অমৃতভোগ, রসগোল্লা, পায়েস, দই। মালদহ জেলা উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, এই ধরনের মেলা জেলার আম চাষিদের আরও উৎসাহিত করবে। এখানে ১৪০টির বেশি প্রজাতির আম রয়েছে। আমসত্ত্ব, আচার, জ্যুস, আমচুর যেমন আছে, মিষ্টিও রয়েছে। আম, মিষ্টির প্রতিযোগিতার পাশাপাশি এখানে প্রতিদিন ক্যুইজ প্রতিযোগিতা সহ আরও  বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ