Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিশের হাতে আটক টুলুর ম্যানেজার, উদ্ধার ‘মণ্ডলের ডায়েরি’, শোরগোল

বীরভূম ছেড়ে এবার টুলু মণ্ডলের অবৈধ পাথর কারবারের সাম্রাজ্যের হদিশ পেতে পূর্ব বর্ধমানেও হানা দিল বীরভূম জেলা পুলিশ।

পুলিশের হাতে আটক টুলুর ম্যানেজার, উদ্ধার ‘মণ্ডলের ডায়েরি’, শোরগোল
  • ১০ আগস্ট, ২০২৬ ২২:০৪
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: বীরভূম ছেড়ে এবার টুলু মণ্ডলের অবৈধ পাথর কারবারের সাম্রাজ্যের হদিশ পেতে পূর্ব বর্ধমানেও হানা দিল বীরভূম জেলা পুলিশ। সোমবার আউশগ্রামের ভেদিয়াতে টুলুর মামাশ্বশুরের বাড়িতে টানা এগারো ঘণ্টা তল্লাশি চালানো হল। মাটি খুঁড়ে দেখা হয়েছে কিছু লুকানো ছিল কি-না। এমনকি বম্ব স্কোয়াডকেও আনা হয়েছিল তল্লাশিতে। শেষে রাতের দিকে একটি ডায়েরি ও কিছু নথিপত্র উদ্ধার করা হয়। আটক করা হয়েছে টুলুর মামাশ্বশুরের ছেলে মুর্শিদ কামাল ওরফে রিপন মণ্ডলকে। তাঁর বাড়ি থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার উদ্ধার করা হয়েছে।

Advertisement

এদিন সকাল ন'টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভেদিয়ার কাঁটাটিকুরি গ্রামে তল্লাশি চালায় পুলিশ। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার), বোলপুরের এসডিপিও, মহম্মদবাজার থানার পুলিশ তল্লাশি অভিযানে ছিল। এমনকি শান্তিকেতন থানার অফিসারেরাও ছিলেন। টুলুর মামাশ্বশুর মোজাম্মেল হলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। একসঙ্গে তল্লাশি চালায় মোজাম্মেলের খুড়তোতো ভাই কাজল মণ্ডলের বাড়িতে। বিকালের দিকে তল্লাশি চলে মোজাম্মেলের পুরানো বাড়িতেও। মোজাম্মেলের ছেলে রিপন টুলু মণ্ডলের ম্যানেজারের কাজ করতেন। তাঁর কাজ ছিল পাঁচামীতে পাথর খাদানে ডিসিআর কাটা। তিনি জাল ডিসিআর কাটতেন কিনা, তদন্ত করে দেখা হচ্ছে। রিপনের বাড়িতে তার স্ত্রী আমিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রিপনের কাছে একটি ডায়েরি ছিল। যেটা ‘মণ্ডলের ডায়েরি’ নামে পরিচিত। সেই ডায়েরিতে পাথর খাদানের নানা তথ্য লেখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। টুলুর মামাশ্বশুর মোজাম্মেল হক বলেন, ‘আমাদের বাড়িতে টাকা ও গয়না কিছু পায়নি। শুধু রিপনের কাছে থাকা একটি ডায়রি, ল্যাপটপ, প্রিন্টার নিয়ে গিয়েছেন ওরা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ