Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বান্ধবীকে নিয়ে জয় রাইডে মেট্রোর পিলারে ধাক্কা, মৃত্যু

স্কুটারের পিছনে বান্ধবীকে নিয়ে জয় রাইডে বেরিয়েছিলেন যুবক। বেপরোয়া গতিতে ছোটা সেই স্কুটার মেট্রোর পিলারে ধাক্কা মারে। মৃত্যু হয় স্কুটার চালকের।

বান্ধবীকে নিয়ে জয় রাইডে মেট্রোর পিলারে ধাক্কা, মৃত্যু
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুটারের পিছনে বান্ধবীকে নিয়ে জয় রাইডে বেরিয়েছিলেন যুবক। বেপরোয়া গতিতে ছোটা সেই স্কুটার মেট্রোর পিলারে ধাক্কা মারে। মৃত্যু হয় স্কুটার চালকের। বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ গরফা থানা এলাকার অভিষিক্তা মোড়ে বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শাহনওয়াজ হুসেন (৩১)। তাঁর বাড়ি ট্যাংরায়। দুর্ঘটনায় স্কুটারের আরোহী তথা শাহনওয়াজের বান্ধবী সুরুচি শর্মা জখম হয়েছেন। তিনি মার্টিনপাড়ার বাসিন্দা। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।  

Advertisement

এদিন কাকভোরে বাইপাসের দক্ষিণ থেকে উত্তর অভিমুখে তীব্র গতিতে স্কুটার ছোটাচ্ছিলেন শাহনওয়াজ। পিছনের আসনে বসেছিলেন তাঁর বান্ধবী সুরুচি। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারটি অভিষিক্তার কাছে কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তরুণ-তরুণী। গুরুতর জখম অবস্থায় শাহনওয়াজকে এম আর বাঙ্গুর  হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
প্রাথমিক তদন্তে গরফা থানার পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন শাহনওয়াজ। যদিও তাঁর বাড়ির লোকজন পুলিশের এই দাবি মানতে নারাজ। তাঁদের দাবি, কোনো নেশা করতেন না শাহনওয়াজ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে, দুর্ঘটনার সময় ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন কি না। তবে কলকাতা পুলিশ নিশ্চিত যে এটা নিছকই পথ দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় শাহনওয়াজ ও তাঁর বান্ধবী রাতভর স্কুটারে চেপে জয় রাইডে বেরিয়েছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে গরফা থানা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ