নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে এসে আত্মঘাতী হলেন স্বামী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার হাটথুবা ঘোষপাড়া এলাকায়। মৃতের নাম সমর দে (৩২)। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, হাটথুবার ঘোষপাড়ায় বাড়ি সমরবাবুর। তিনি পেশায় গাড়িচালক। স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন। পাশেই থাকেন তাঁর বাবা ও ভাই। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেন তিনি। কথা ছিল, রাতের দিকে ফের গিয়ে নিয়ে আসবেন স্ত্রীকে। কিন্তু তিনি না যাওয়ায় রাত ৯টা নাগাদ স্ত্রী নিজেই বাড়ি ফিরে আসেন। স্বামীকে খুঁজে না পেয়ে ডাকাডাকি করেন বেশ কিছুক্ষণ। শেষমেশ জানালা দিয়ে উঁকি মেরে দেখেন, স্বামী ঝুলছেন। পরিবারের লোকজন তড়িঘড়ি দরজা খুলে সমরকে উদ্ধার করে নিয়ে যান হাবড়া হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



