জয়ের খোঁজে ম্যান সিটি, ছন্দ বজায় রাখাই লক্ষ্য রিয়ালের
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিপজিগ: শেষ ৬ ম্যাচে ৩টি জয় আর ৩টি হার। শুরুটা দারুণ করেও মরশুমের মাঝপথে হঠাৎই ম্যাঞ্চেস্টার সিটির পারফরম্যান্সে ছন্দপতন হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজি’র কাছে হারের পর প্রিমিয়ার লিগে শেষ দু’টি ম্যাচে খালি হাতে মাঠ ছাড়ে এনজো মারেস্কার ছেলেরা। হারাতে হয়েছে লিগ টেবিলের শীর্ষস্থান। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের সরণিতে ফিরতে মরিয়া সিটিজেনরা। বুধবার অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ আরবি লিপজিগ। টুর্নামেন্টে তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে জার্মান ক্লাবটি। তাই প্রতিপক্ষের ডেরা থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান আর্লিং হালান্ডরা।

Advertisement

ইপিএলে শেষ দু’টি ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে নীল ম্যাঞ্চেস্টারকে। লিপজিগ ম্যাচের আগে তাই লক্ষ্যভেদের উপর বাড়তি জোর দিচ্ছেন কোচ মারেস্কা। শেষ দু’টি ম্যাচে সিঙ্গল স্ট্রাইকার হিসাবে শুরু করেছিলেন হালান্ড। তবে বুধবার দলে আসতে পারেন ফিল ফোডেন। এছাড়া পরিবর্তনের সম্ভাবনা কম। কোচ মারেস্কার কথায়, ‘শেষ কয়েকটি ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। একাধিক ভুলত্রুটি আমার চোখ এড়ায়নি। এবার তা শুধরে নেওয়ার পালা।’ দিনে অপর ম্যাচে গ্রিসের দল এইকে এথেন্স এফসি’র মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গত তিন সপ্তাহ দারুণ কেটেছে এমবাপেদের। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৬ ম্যাচে জয় পেয়েছে হোসে মরিনহো ব্রিগেড। বুধবার অ্যাওয়ে ম্যাচেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য রিয়ালের। মাদ্রিদ জায়ান্টদের তুলনায় ধারেভারে অনেকটাই পিছিয়ে গ্রিসের দলটি। তাই ফুটবলারদের টানা ম্যাচ খেলার ক্লান্তি থেকে রেহাই দিতে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ মরিনহো।
চ্যাম্পিয়ন্স লিগে জয়ের লক্ষ্যে নামছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে গানারদের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাহা। টুর্নামেন্টের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ড্র করেছিল মিকেল আর্তেতা ব্রিগেড। তবে ইপিএলে লিভারপুলের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় তারা। এবার ইউরোপ সেরার লড়াইয়েও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইবে আর্সেনাল। অপর এক ম্যাচে ফেনারবাখের মুখোমুখি হবে লিভারপুল।