বাবার মৃত্যুর শংসাপত্রে টালবাহানা! লাভপুরে কেরোসিনের বোতল হাতে পঞ্চায়েতে হাজির ব্যক্তি
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বাবার মৃত্যুর শংসাপত্র পেতে গ্রাম পঞ্চায়েতের দোরে দোরে ঘুরতে হচ্ছে। এমনই অভিযোগ তুলে কেরোসিনের বোতল হাতে পঞ্চায়েত অফিসে সটান হাজির হলেন এক ব্যক্তি। কাজ না হলে আত্মহত্যার হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি। সোমবার দুপুরের এই ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়ায় লাভপুর ১ নম্বর পঞ্চায়েত অফিস চত্বরে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাভপুরের বাসিন্দা বাবলু হাজরার বাবা সম্প্রতি মারা যান। বাবার মৃত্যুর শংসাপত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি সহ গ্রাম পঞ্চায়েতে আবেদন করেছিলেন বাবলু। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেও শংসাপত্র হাতে পাননি বলে অভিযোগ। বাবলুবাবুর দাবি, স্থানীয় এক বিজেপি নেতার হস্তক্ষেপেই তাঁর আবেদন নিয়ে টালবাহানা করা হচ্ছিল। এর প্রতিবাদ জানাতেই এদিন কেরোসিনের বোতল নিয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছে যান বাবলু। তাঁর আরও অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকে স্থানীয় ওই বিজেপি নেতা সঞ্জয় ভকত তাঁকে হয়রানির চেষ্টা করছেন। তিনি বলেন, ওই নেতা পঞ্চায়েতের আধিকারিকের উপর চাপ সৃষ্টি করে শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া আটকে রাখার চেষ্টা করছেন। এদিন কেরোসিনের বোতল নিয়ে অফিসে গেলেও যদিও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে তাঁর আবেদন মঞ্জুর করা হয়। তাঁকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। 
যদিও বাবলুবাবুর যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি নেতা সঞ্জয় ভকত। তিনি জানান, এই ঘটনার সঙ্গে তাঁর কোনো যোগ নেই। কাউকে দিয়ে কোনো ধরনের হয়রানি করানো হয়নি।