সংবাদদাতা, মানবাজার: আগামীকাল রবিবার পুরুলিয়ার মানবাজারে জনসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবাজারের মাধবপুর পাথরকাটা সংলগ্ন ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে এই জনসভা বলে দলীয় সূত্রে খবর। সভাকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। পাশাপাশি জোরকদমে চলছে সভার প্রস্তুতি। মানবাজারে তৃণমূলের শক্ত ঘাঁটিতে তৃণমূল নেত্রীর জনসভায় বাড়তি অক্সিজেন দেবে বলে আশাবাদী স্থানীয় দলীয় নেতৃত্ব। তবে মমতার জনসভায় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই মানবাজার বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত তিনবারের বিধায়ক সন্ধ্যারানি টুডুকেই আবার প্রার্থী করা হয়েছে। তার সমর্থনে রবিবার জনসভা করতে আসছেন তিনি। রাজ্যে পালাবদলের পর থেকে এই প্রথম মানবাজারে জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এলাকায় দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্রের খবর, সভাস্থল মাধবপুর পাথরকাটা ফুটবল মাঠের পাশেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। সেখানেই হেলিকপ্টার থেকে নেমে তিনি হেঁটে মঞ্চে উঠবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে শুক্রবার দুপুরে হেলিকপ্টারের ট্রায়ালও সম্পন্ন হয়েছে। যা দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। জনসভাকে ঘিরে নিরাপত্তা সহ একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বচক্ষে দেখতে মুখিয়ে রয়েছেন। শুক্রবার সভাস্থল পরিদর্শন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সকাল থেকেই সভাস্তলে এলাকার কর্মীদের তদারকি চোখে পড়ে। মানবাজার-১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ বলেন, দিদি আসার পর মানবাজারে তৃণমূল কর্মীদের উৎসাহ দ্বিগুণ হয়ে যাবে। মানবাজার তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল সেটাই থাকবে। আমাদের যে লক্ষ্যমাত্রা আছে তার থেকে বেশি ভোটে মানবাজার বিধানসভায় জয়লাভ করবে তৃণমূল।



