নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ও বাঙালির স্বার্থই তাঁর কাছে সবার আগে। দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে বিষয়টি আরও একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষার সম্মান রক্ষার্থে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিলেন বাংলার অগ্নিকন্যা। তাঁর ঘোষণা, ‘আমার মাতৃভাষাকে কেউ অসম্মান করলে আমি ছেড়ে কথা বলার লোক নই। কেউ যেন আমার ভাষাকে আঘাত না করে।’
সোমবার কলকাতার একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন খিদিরপুর ২৫ পল্লি, খিদিরপুর ৭৪ পল্লি, আলিপুর সর্বজনীন, কোলাহল, বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামন্দির, আদি বালিগঞ্জ, ২১ পল্লি, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, কালীঘাট মিলন সংঘ সহ আরও কয়েকটি পুজোর উদ্বোধন হয় মমতার হাত দিয়ে। আলিপুর কোলাহলের পুজো উদ্বোধনে গিয়ে বাংলার নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান তিনি। ২১ পল্লিতে গিয়ে তিনি হাতে তুলে নেন রং-তুলি। ছবিও আঁকেন। সব জায়গাতেই তিনি বাংলা ও বাঙালির স্বার্থের কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে বারবার তিনি বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিমাতৃসুলভ আচরণ নিয়ে সরব হয়েছেন। এর প্রতিবাদে তাঁর আন্দোলন আগামী দিনে সুদীর্ঘ হতে চলেছে বলেও উঠে এসেছে তাঁর বক্তব্যে। বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে মমতার তোপ, ‘দেবীপক্ষে দাঁড়িয়ে বলছি, সব এক পক্ষ করবেন না। মানুষের পক্ষ করুন। দেশের জন্য কাজ করুন। আর আমি লড়াই করতে অভ্যস্ত। লড়াই করে বুঝে নেব।’
বস্তুত, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। এমনকি, বিজেপি নেতাদের বিরুদ্ধেও বাংলা ভাষাকে অপমানের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে মমতা বলেছেন, ‘আমার মাতৃভাষার উপর সন্ত্রাস মানব না। বাংলার মাটি নবজাগরণের মাটি। বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না। আমরা নিজের ভাষাকে যেমন ভালোবাসি, তেমনই দেশের সব ভাষার প্রতি আমাদের সম্মান রয়েছে। আমি এটা মনে করি, বিভেদ করলে দেশ ভালো থাকে না। আমাদের দেশে সব ভাষা, সব ধর্মের মানুষের সহাবস্থান।’ -নিজস্ব চিত্র