Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতা হারেননি, কমিশনকে দিয়ে ভোট লুট করেছে বিজেপিই, সরব অখিলেশ

নির্বাচনে ‘লুট’ নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই সুরে সুর মেলালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বৃহস্পতিবার কলকাতায় আসেন অখিলেশ।

মমতা হারেননি, কমিশনকে দিয়ে ভোট  লুট করেছে বিজেপিই, সরব অখিলেশ
  • ৮ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনে ‘লুট’ নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই সুরে সুর মেলালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বৃহস্পতিবার কলকাতায় আসেন অখিলেশ। দুপুরে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মমতার বাড়িতে পা রেখেই তৃণমূল নেত্রীকে উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানান অখিলেশ। বাড়ির উঠোনে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেন, দিদি আপনি হারেননি! বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে ভোট লুট করেছে। পাশাপাশি অভিষেককে জড়িয়ে ধরে অখিলেশ বার্তা দেন, খুব ভালো লড়াই করেছেন আপনি।

Advertisement

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল। যদিও তৃণমূল নেতৃত্ব তথ্য হাজির করে দাবি করেন, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করে ভোট লুট করেছে বিজেপি। ঠিক এই প্রেক্ষাপটেই বিজেপি ভোট চুরি কীভাবে করতে পারে, তার তথ্য উত্তরপ্রদেশের ঘটনা তুলে ধরে জানান অখিলেশ যাদব। তিনি বলেন, বাংলায় ভোট লুট করেছে বিজেপি। এর আগে উত্তরপ্রদেশেও একই কাণ্ড ঘটিয়েছে ওরা। উত্তরপ্রদেশে একটি কেন্দ্রে আমরা ৩৭, ৪২, ৪৬ শতাংশ ভোট পেয়েছি পরপর তিনটি নির্বাচনে। কিন্তু সেখানেই আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিজেপি ভোট ৭৭ শতাংশ। যেখানে কোনোদিন বিজেপির বাক্সে ভোট ছিল না, সেখানে রাতারাতি কীভাবে ৭৭ শতাংশ ভোট পায় বিজেপি!
বাংলার বিধানসভা নির্বাচনেও বিজেপি নানাভাবে চক্রান্ত, ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির সুপ্রিমোর। তাঁর বক্তব্য, মাল্টি লেয়ার মাফিয়াগিরি করেছে বিজেপি। বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি নির্বাচনে বেইমানি করেছে। বুলেট দিয়ে ভয় দেখিয়ে বিজেপি বাংলায় ভোট করিয়েছে। তিন লক্ষ কেন্দ্রীয় বাহিনী বাংলার ভোটে পাঠানো হয়েছে, যা আগে কোথাও হয়নি। কেন্দ্রীয় বাহিনী থেকে বিভিন্ন এজেন্সি বিজেপির কথায় কাজ করেছে। অখিলেশের চ্যালেঞ্জ, ভোট যে লুটই হয়েছে তার তথ্য হাতে রয়েছে। সাহস থাকলে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করুক নির্বাচন কমিশন। 
আগামী দিনে বিজেপি বিরোধী লড়াইয়ে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে একজোট হয়ে কাজ করবে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টিসহ বিভিন্ন দল। গণতন্ত্র ও সংবিধানকে বাঁচানোর লড়াই আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি আমরা। সবাই মিলে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করব এবং লড়ব বিজেপির বিরুদ্ধে।

সম্পর্কিত সংবাদ