


নিজস্ব প্রতিনিধি, সমুদ্রগড়: সমুদ্রগড়ের সভা থেকে পূর্ব বর্ধমানে বিজেপিকে জেলায় শূ্ন্যে পরিণত করার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলার ১৬টি আসনেই শাসক দল জয়ী হয়েছিল। এবারও তেমনটাই হবে বলে প্রত্যয়ী তৃণমূল সুপ্রিমো। এদিনের সভায় পূর্বস্থলী উত্তরের প্রার্থী বসুন্ধরা গোস্বামী, পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন। এছাড়া তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ শর্মিলা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তৃণমূল নেত্রী বলেন, জেলার আলু চাষিদের চিন্তার কারণ নেই। বর্ধমানের কৃষকরা আমাদের গর্ব। এতদিন কৃষকবন্ধু প্রকল্পে টাকা পাওয়া যেত। এবার থেকে ক্ষেতমজুররাও টাকা পাবেন। জেলার প্রতিটি প্রান্তে উন্নয়ন হয়েছে। কালনা-শান্তিপুর ভাগীরথীর সেতু তৈরির প্রক্রিয়া চলছে। এই জেলায় বারবার এসেছেন চৈতন্যদেব। তিনি শান্তির কথা বলেছেন। তাঁর মাটি মানবিকতার, সংস্কৃতির। এই জেলার সীতাভোগ, মিহিদানা বিখ্যাত। সেই কারণেই মিষ্টিহাব তৈরি করেছি।
পূর্ব বর্ধমান জেলার কয়েকটি আসনে প্রার্থী বদল করেছে। সেগুলির মধ্যে পূর্বস্থলী উত্তর বিধানসভাকেন্দ্র রয়েছে। তৃণমূল নেত্রী বলেন, এই কেন্দ্রে এবার ক্ষিতিদার(ক্ষিতি গোস্বামী) মেয়ে প্রার্থী হয়েছেন। তিনি ভাল প্রচার করছেন। স্কুটিতে করে গ্রামে গ্রামে ঘুরছেন। কেউ কেউ রয়েছেন, যাঁরা কাজ করবেন না অথচ তাঁদের প্রার্থী করতে হবে। আর প্রার্থী না হলে তলে তলে অন্য দলের সঙ্গে যোগাযোগ করবে। বুথের কর্মীরা আমাদের শক্তি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের কোনো নেতা কোথায় কী করছে, সেসব কিছুই রাজ্য নেতৃত্ব নজরে রেখেছে। পূর্বস্থলী উত্তরেও কেউ কেউ দলের হয়ে কাজ করছে না বলে অভিযোগ। এদিন নেত্রী তাঁদের বার্তা দিয়েছে। রবিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষুদ্ধদের সতর্ক করেন। তিনিও বিক্ষুদ্ধদের বুঝিয়ে দেন, তাঁদের গতিবিধির উপর নজর রয়েছে। শাসক দলের দাবি, পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই কারণে লোকসভা নির্বাচনে শাসক এখানকার দু’টি আসনেই সাফল্য পেয়েছে। ২০২১ সালে বিরোধীরা খাতা খুলতে পারেনি। এবারও তেমনটা হবে বলে তাঁরা আশাবাদী।
এদিন নেত্রীর সভায় পূর্ব বর্ধমান জেলার আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায় সহ এক ঝাঁক নেতা তৃণমূলে যোগদান করেন। ভুল বুঝেই তাঁরা ওই দলে গিয়েছিলেন বলে দাবি করেন। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ বলেন, মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। জনতা জানে তৃণমূল ছাড়া অন্য কেউই উন্নয়নমূলক কাজ করতে পারে না। মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুলা চৌধুরী বলেন, এই জমানায় রাস্তা সংস্কার, পথবাতি বা পানীয় জল সরবরাহের কাজ তো হয়েছেই, ভোল বদলে গিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার। জেলার প্রতিটি হাসপাতালে উন্নত চিকিৎসা হচ্ছে। তাহলে মানুষ তৃণমূল ছেড়ে অন্য দলে যাব কেন?