নিজস্ব প্রতিনিধি, মালদহ: ক্যালেন্ডার দেখে বা দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে নয়, উত্তরে যখন তীব্র গরম পড়তে শুরু করেছে, ঠিক সেই সময় গ্রীষ্মের ছুটি দিয়ে অন্যপথে হাঁটল মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। স্কুলের এই পদক্ষেপ সময়োপযোগী বলে প্রশংসা করছেন অভিভাবকরা। দাবি উঠছে, অন্যান্য স্কুলও এই সিদ্ধান্ত নিলে রক্ষা পাবে লক্ষ লক্ষ পড়ুয়া।
স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে ১১ মে থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়। দক্ষিণবঙ্গে সেই সময় তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী হলেও উত্তরে তখন বৃষ্টির কারণে আবহাওয়া অনেকটাই মনোরম ছিল। কিন্তু জুনের শুরু থেকেই উত্তরবঙ্গে দাবদাহ শুরু হয়েছে। তাই বুধবার থেকে সকালে স্কুল চালুর নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। তবে, অন্যপথে হেঁটে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির কর্তৃপক্ষ ১ জুন থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দিয়েছে।
মালদহের বাসিন্দা বরুণ ঝা সরকারি স্কুলের সহকারি শিক্ষক। তাঁর ছেলে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্র। গরমের ছুটি প্রসঙ্গে বরুণবাবু বলেন, ব্যক্তিগতভাবে মনে করি, মিশন ঠিক সময়েই গরমের ছুটি দিয়েছে। কারণ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আলাদা সময়ে গরম পড়ে। জুন মাস থেকে উত্তরবঙ্গে গরমের তীব্রতা বাড়তে শুরু করে। ফলে এখন ছুটি দেওয়ার সিদ্ধান্ত সময়োপযোগী।
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতি মানস দাস বলেন, ছুটি দেওয়া হল, অথচ সেটা পড়ুয়াদের কোনো কাজে লাগল না, সেটা কাজের কথা নয়। এখন গরমের কথা ভেবে প্রধান শিক্ষক মহারাজ, স্কুলের অন্যান্য শিক্ষক, অভিভাবকদের সম্মতিক্রমে এই সময় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।