নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার বাইরে অসমে দলীয় সংগঠন মজবুত করছে তৃণমূল কংগ্রেস। সেখানে পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনেও লড়বে তারা। ইতিমধ্যে নতুন কমিটি গঠন করে সেখানে সাংগঠনিক কাজ পুরোমাত্রায় চলছে। ওই সূত্রে সংগঠনের কাজকর্ম আরও এগিয়ে নিয়ে যেতে বৃহস্পতিবার অসমে গিয়ে বৈঠক করলেন তৃণমূলের অসম রাজ্যের ইনচার্জ মন্ত্রী মলয় ঘটক। অসমের বাসিন্দা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, অসম তৃণমূলের রাজ্য সভাপতি রমেনচন্দ্র বর্তাকু এবং বিভিন্ন জেলার নেতারা ওই বৈঠকে ছিলেন।
বৈঠকের পর জেলা সভাপতিদের নামের তালিকা ঘোষণা করা হয়। মিসড কল দিয়ে তৃণমূলে যোগদানের জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। ফোন নম্বরটি হল ৮৯৫৭৯৮৯৫৭৯। সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। অসমে সংগঠনকে শক্তিশালী করতে লাগাতার কর্মসূচি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মলয় ঘটক জানান, অসমে আগামী পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে। তার জন্য সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস চলছে।
এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অসমে প্রার্থী দিয়েছিল তৃণমূল। এছাড়া স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচনেও প্রার্থী দিয়েছিল তারা। এবার তৃণমূলের লক্ষ্য, অসমে পঞ্চায়েত ও বিধানসভা ভোটে ভালো ফল করা। বাংলার বাইরে অসম, মেঘালয়, গোয়া এবং ত্রিপুরায় সংগঠন বিস্তারে পদক্ষেপ নিয়েছে তৃণমূল। তাতে অসমের দিকে বাড়তি নজর রয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যে অসমে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমবাসীর সমর্থন পাওয়ার লক্ষ্য নিয়ে সংগঠনকে সেখানে সাজছে তৃণমূল।