ছটের প্রস্তুতি শুরু করল ময়নাগুড়ির ময়নামাপাড়া ক্লাসিক ফাইভ স্টার ইউনিট
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: আসন্ন ছটপুজো উপলক্ষ্যে ব্যস্ততা তুঙ্গে ময়নাগুড়ির ময়নামাপাড়া ক্লাসিক ফাইভ স্টার ইউনিটের সদস্যদের। ইতিমধ্যেই তারা ময়নাগুড়ি শহরের লাইফ লাইন জর্দা নদীর ঘাট তৈরির কাজ শুরু করেছেন। আগামী ১৫ এবং ১৬ নভেম্বর ছটপুজো। এ বছর ক্লাসিক ফাইভ স্টার ইউনিটের পক্ষ থেকে ছটপুজোয় থাকছে নয়া থিম। ছটপুজোর বিভিন্ন রীতি মডেলের মাধ্যমে তুলে ধরা হবে। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, জর্দা নদীর পাড়ে যে বড়ো মাঠ রয়েছে সেখানেই মডেলগুলি সাজানো হবে। পাশাপাশি, থাকবে পর্যাপ্ত আলো এবং এলইডি লাইটিং। ময়নামাপাড়া ক্লাসিক ফাইভ স্টার ইউনিটের ছটপুজো অনেক পুরনো। ময়নাগুড়ির মৃৎশিল্পীদের দিয়ে থিমের মডেল এবং প্রতিমা বানানো হচ্ছে। 

Advertisement

এ বছর এই পুজো কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন পবন শাহ। সহ সভাপতি রাজেন্দ্র বাসফোর এবং সুজয় শাহ। অন্যদিকে, সম্পাদক হয়েছেন রাজা বাসফোর। সহ সম্পাদক অরুণ বাসফোর ও করণ বাসফোর। হিসাবরক্ষক স্বপন বাসফোর, সহ হিসাবরক্ষক সঞ্জু বাসফোর। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ময়নামাপাড়ার ৮০টি পরিবার এই পুজোর সঙ্গে জড়িত। প্রতিমা আনার দিন মহিলারা সূর্য দেবতাকে বরণ করবেন। পুজোর দিন জর্দা নদীর ঘাটে শুধু যে ছটব্রতধারীরাই আসেন এমনটা নয়, হাজার হাজার লোক সন্ধ্যায় এবং ভোরে পুজো দেখতে ঘাটে আসেন। 
স্বপন বাসফোর বলেন, এ বছর আমরা বিভিন্ন ধরনের মডেল দিয়ে ছটঘাট সাজাচ্ছি। আশা করছি, মাটির ওসব মডেল দর্শনার্থীদের ভালো লাগবে। প্রতিমা নিয়ে আসা, ডালি সাজানো, পুজো দেওয়া, ঠেকুয়া বানানো সবকিছুই মডেলের মাধ্যমে তুলে ধরা হবে। প্রতিটি মডেলই একেবারে জীবন্ত মনে হবে। পুজোর দু’দিন ছটঘাটে অন্যান্য বছরের মতো এবারও আমাদের ভলান্টিয়াররা থাকবেন। পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ফোর্স দিয়ে সহযোগিতা করবে। • নিজস্ব চিত্র।