মুম্বই: মহারাষ্ট্রের বাসিন্দা মহিলারা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন। মহারাষ্ট্র বিধানসভা ভোটের ঠিক আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ‘লড়কি বহিন’ প্রকল্প চালু করেছিল শাসক মহাযুতি জোট। ওই প্রকল্পে ভর দিয়েই দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে তারা। কিন্তু তারপরেই ভোলবদল! এর আগে ‘লড়কি বহিন’ প্রকল্প থেকে গণহারে মহিলাদের নাম দেওয়া হয়েছিল। এবার আগামী অর্থবর্ষের জন্য লড়কি বহিন যোজনার বরাদ্দ এক ধাক্কায় ১০ হাজার কোটি টাকা কমিয়ে দিলেন মহারাষ্ট্রে অর্থমন্ত্রী অজিত পাওয়ার। এমনকী রাজ্য বাজেট পেশ করার সময় এই প্রকল্পের উল্লেখও করেননি তিনি। আর এই নিয়ে শাসক জোটের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। লড়কি বহিন প্রকল্পকে ‘ভোটের জুমলা’ আখ্যা দিয়েছেন শিবসেনা নেতা উদ্ধব থ্যাকারে। বলেছেন, ‘লড়কি বহিন প্রকল্পে ২১০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাখা হয়নি। ভোট মিটে গিয়েছে, আর এখন সরকার কৃষক, তরুণ ও মহিলাদের থেকে দূরে সরে যেতে শুরু করেছে।’



