রঙ্গন বন্দ্যোপাধ্যায় , কলকাতা: দেবীর উপাসনায় তন্ত্রসাধন মার্গের এক অঙ্গ। তান্ত্রিকদের মতে, মানবজীবনকে আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত করার অন্যতম মাধ্যম এই তন্ত্র। তান্ত্রিক শাস্ত্রগুলিতে আছে যোগিনী তন্ত্রের কথা। যোগিনীরা শক্তিশালী দেবীবর্গ। যাঁদের সংখ্যা কখনও ৪২, কখনও ৬৪, ৮১ আবার কখনও ১০৮। এঁরা আদ্যাশক্তি মহামায়ারই বিভাজন। তাঁদেরই একজন মহিষাসুরমর্দিনী। স্বাধীনতার পরে দেশে তন্ত্র নিয়ে একাধিক নতুন গবেষণায় জন্ম হয় এক বিশেষ ধারার। সেটা নব্য তান্ত্রিক ধারা। ২০২৫ সালে ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকা যোগিনী মন্দিরগুলি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় ঠাঁই পেয়েছে। এ বছরে টালিগঞ্জের গান্ধী কলোনির নেতাজি জাতীয় সেবাদল ক্লাব ৭৫তম বর্ষে থিম হিসেবে এই নব্য তান্ত্রিকধারাকে বেছে নিয়েছে। থিমের নাম ‘আবর্ত’। নেতাজি জাতীয় সেবাদলের পুজো কমিটির সভাপতি সুমন বণিক বলেন, উত্তরপ্রদেশের এক যোগিনী মন্দিরের আদলে ইট, টিন,কাঠ, মাটি ও ফাইবার গ্লাস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।
থিম শিল্পী অভিজিৎ ঘটকের কথায়, নেতাজি জাতীয় সেবাদলের মণ্ডপ গড়ে তোলা হচ্ছে তন্ত্রের নব্য শিল্পের ধারা মেনে। মণ্ডপজুড়ে চৌষট্টি যোগিনীর মূর্তি থাকবে। কেন্দ্রে থাকবেন পঞ্চমুখী দুর্গা। দর্শনার্থীরা মণ্ডপে ঢুকলে আলো-আঁধারির খেলায় টাইম অ্যান্ড স্পেসের মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতির শিকড় খুঁজে পাবেন। প্রতিমা শিল্পী অখিলচন্দ্র দাসের কথায়, যোগিনী তন্ত্রের উপর ভিত্তি করে এখানে প্রতিমা তৈরি হচ্ছে। মায়ের মুখের চারপাশে থাকবে পঞ্চমুণ্ডির চার পশু হাতি, শূকর, বাঁদর ও শিয়ালের মাথা। ফাইবার গ্লাসের তৈরি দুর্গা মূর্তি সিংহের মাথার উপর অধিষ্ঠিতা।
টালিগঞ্জের অশোকনগর সর্বজনীনে দেবীবন্দনার উঠে এসেছে ভাষার অস্তিত্বরক্ষার লড়াই। ৭৬তম বর্ষেতাদের থিম ‘বাংলা আমার মায়ের ভাষা’। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায় থেকে বিদ্যাসাগর— বাংলা ভাষার গরিমা নিয়ে মণীষীরা যে সব উদ্ধৃতি দিয়েছেন, সেগুলিকেই মণ্ডপ চত্বরে তুলে ধরা হবে। এখানে উমার সন্তানদের হাতে স্লেট, পেন্সিলে ফুটে উঠবে বাংলা বর্ণমালা। থাকবে সহজ পাঠ ও বর্ণপরিচয়। প্লাই, রাংতা, তুলো, ফোম, প্লাস্টিকের বল দিয়ে সেজে উঠছে মণ্ডপ। যা দেখতে অনেকটা বাংলা ভাষা স্মারকের মতো হবে। প্রতিমায় নব পাল।এই পুজোর দুই উদ্যোক্তা কল্যাণকুমার চক্রবর্তী ও অজয় ভট্টাচার্য বলেন, কয়েকটি রাজ্যে বাংলা বললে হেনস্তা করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা বাংলা ভাষার গৌরবজনক অধ্যায়ের দিকে আলো ফেলব।
টালিগঞ্জের নেতাজিনগরে আবার দেখা যাবে জগন্নাথ মন্দির। নেতাজিনগর নাগরিকবৃন্দ ১৫তম বছরে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ গড়ছে। মণ্ডপে থাকবে গর্ভগৃহ, সিংহদুয়ার, অরুণ স্তম্ভ। মা দুর্গার সঙ্গে মণ্ডপে থাকবেন জগন্নাথদেব ও বিষ্ণু। এলাকার মহিলাদের পরিচালিত এই পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে শোলা, কাঠ, ফোম ও তুলো দিয়ে। তৈরি হচ্ছে নেতাজি জাতীয় সেবাদলের প্রতিমা। -নিজস্ব চিত্র