সংবাদদাতা, বোলপুর: শনিবার মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে ভূগোল পরীক্ষা শুরুর আগে বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক ও অন্যান্য আধিকারিকরা তাঁর সঙ্গে ছিলেন। এদিন পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিকাঠামো খতিয়ে দেখেন। এমনকি, পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, আমি বীরভূমে দু’টি স্কুল পরিদর্শন করেছি। শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় যে সুন্দর ও ইতিবাচক পরিবেশ তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রতিটি স্কুলে এমন পরিবেশ তৈরি হলে পড়ুয়ারা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবে। তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষার উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট সংক্রান্ত অভিযোগ থাকলেও প্রকৃত অর্থে ড্রপ আউটের বিষয়টি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষা দপ্তরের নজরদারি ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ বছর উন্নতমানের মাধ্যমিক পরীক্ষা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। ৯০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করা হবে।
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার্থীদের মানসিক চাপ ও ভীতি দূর করতে এবছর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়। পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মডেল ভোট কেন্দ্রের আদলে তাঁরা একটি ‘মডেল পরীক্ষা কেন্দ্র’ গড়ে তুলেছেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মুখে রাস্তার দু’পাশে ফুটিয়ে তোলা হয়েছে নারীশক্তির নানা দিক। পাশাপাশি বাল্যবিবাহ রোধে পরীক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।এই উদ্যোগের প্রশংসা করেন পর্ষদ সভাপতি।
উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সরকার ও মহামান্য আদালতের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন উত্তরপত্র এক জেলা থেকে অন্য জেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হয়। ফলে অনিয়মের কোনও সুযোগ নেই।