Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

৫০ কোটি টাকার প্রতারণার ফাঁদে ডিম বিক্রেতা, ৬ কোটির আয়কর নোটিস পেয়ে মাথায় হাত

রাস্তার ধারে অস্থায়ী দোকান। সেখানে ডিম বেচে সংসার চলে। ব্যবসা আজ একটু ভালো, তো কাল খারাপ! অনিশ্চয়তায় ভরা জীবন।

৫০ কোটি টাকার প্রতারণার ফাঁদে ডিম বিক্রেতা, ৬ কোটির আয়কর নোটিস পেয়ে মাথায় হাত
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: রাস্তার ধারে অস্থায়ী দোকান। সেখানে ডিম বেচে সংসার চলে। ব্যবসা আজ একটু ভালো, তো কাল খারাপ! অনিশ্চয়তায় ভরা জীবন। এরমধ্যেই মিলিয়ে মিশিয়ে দিন কাটছিল মধ্যপ্রদেশের দামোহের ডিম বিক্রেতা প্রিন্স সুমনের। এরমধ্যে হঠাৎই হাতে এসে পৌঁছয় আয়কর দপ্তরের একটি নোটিস। তা পড়তে গিয়ে ভিরমি খাওয়ার জোগাড় সুমনের। কারণ আয়কর দপ্তর জানিয়েছে, জিএসটি বাবদ তাঁকে ছ’ কোটি টাকা মেটাতে হবে। ডিম বিক্রির জন্য এত টাকা ট্যাক্স হয় কী করে? খবর নিয়ে জানতে পারেন, তাঁর নাম, নথি ব্যবহার করে দিল্লিতে একটি সংস্থা খোলা হয়েছিল। সেখানে গত দু’বছরে ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। কিন্তু, বিধি মেনে কর মেটানো হয়নি। তাই ওই নোটিস এসে পৌঁছেছে তাঁর দুয়ারে। প্রতারণার জালে জড়িয়ে বেসামাল অবস্থা সুমন ও তাঁর পরিবারের। ইতিমধ্যেই আয়কর দপ্তরকেও ডিম বিক্রেতার প্রকৃত আর্থিক পরিস্থিতি জানানো হয়েছে। তারা সমস্ত নথি, ব্যাঙ্কের কাগজপত্র ও স্টেটমেন্ট চেয়ে পাঠিয়েছে। সুমনের বাবা পুলিস সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন। পেশায় মুদি দোকানি ওই ব্যক্তি জানিয়েছেন, অবিলম্বে তাদের এই প্রতারণার জাল থেকে মুক্তি দিতে হবে। অন্যথায় চরম পদক্ষেপ নেবেন। 

Advertisement

পরিবারের তরফে আইনি বিষয়টি দেখছেন অভিলাস খারে। তাঁর কথায়, আয়কর দপ্তরে চিঠি পাঠিয়ে গোটা বিষয়টি জানানো হয়েছে। পুলিসেরও দ্বারস্থ হয়েছে সুমনের পরিবার। জানা গিয়েছে, সুমনের নাম ও নথি ব্যবহার করে ২০২২ সালে দিল্লিতে প্রিন্স এন্টারপ্রাইজ নামে একটি ফার্ম খোলা হয়েছিল। ওই সংস্থা বিগত দু’বছর ধরে চামড়া, কাঠ, লোহার ব্যবসা করছিল। এই সময়সীমার মধ্যে তারা ৫০ কোটির লেনদেন করেছে। কিন্তু, কোনও জিএসটি দেয়নি। সেজন্যই ৬ কোটি টাকার ওই জিএসটি নোটিস। আর তা দেওয়া হয়েছে সুমনকে।  এদিকে সুমনের দাবি, তিনি কোনওদিন দিল্লিতে যাননি। ২০২৩ সালে কিছুদিনের জন্য ইন্দোরে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু কোথাও প্যানকার্ড বা আধার তথ্য দেননি। তা সত্ত্বেও এতবড় প্রতারণার ফাঁদে পড়ায় রাতের ঘুম উড়েছে ওই ডিম বিক্রেতার।

Advertisement
সম্পর্কিত সংবাদ