Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উপ নির্বাচনের প্রতিশ্রুতি মতো আইটিআই চান মাদারিহাটবাসী

উপ নির্বাচনের প্রতিশ্রুতি মতো আইটিআই চান মাদারিহাটবাসী
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনের প্রচারে  তৃণমূল বেশকিছু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে মাদারিহাট সদরে একটি কলেজ তৈরির প্রতিশ্রুতি ছিল অন্যতম। শাসকদলের মাদারিহাট অঞ্চল নেতৃত্বও সেই কলেজ তৈরির প্রতিশ্রুতি দিয়ে উপনির্বাচনে ব্যাপক প্রচার চালিয়েছিলেন। কিন্তু, উপ নির্বাচনের পাঁচ মাস কেটে গিয়েছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ। এ নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হচ্ছে। 

Advertisement

বাসিন্দাদের দাবি, মাদারিহাটে দু’বার বিধায়ক থাকার পরেও বিজেপির মনোজ টিগ্গা এখানে কলেজ তৈরি করতে পারেননি। শাসকদল জিতলে কলেজ তৈরি হবে এই আশায় এলাকার মানুষ তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছিল। কিন্তু তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো উপ নির্বাচনে জেতার পর মাদারিহাটে কলেজ তৈরির উদ্যোগ শুরু না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বাসিন্দাদের মধ্যে।  সাধারণ কলেজের বদলে মাদারিহাটের মানুষ এখন আইটিআই-এর দাবি তুলেছে। শাসকদলের কর্মী সমর্থকদেরও দাবি, মাদারিহাট সদরে আইটিআই তৈরি হোক।
তৃণমূলের মাদারিহাট অঞ্চল সভাপতি সঙ্গীতা শর্মা বলেন, আমরা মাদারিহাটে আইটিআই চাইছি। এই চা বলয়ের ছেলেমেয়েরা স্কিল ডেভেলপমেন্ট কাজে আগ্রহী। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে পড়াশুনা করতে এখানকার চা বাগানগুলির প্রচুর ছেলেমেয়ে প্রতিবছর বাইরে চলে যাচ্ছে। সেই জন্যই আমরা অন্য কলেজের বদলে মাদারিহাটে আইটিআই চাইছি। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কর্মী শৈবাল ভট্টাচার্য বলেন, ব্লকের বীরপাড়ায় ও পাশে ফালাকাটা জয়গাঁয় তো কলেজ আছে। সেই কারণে আমরা চাইছি মাদারিহাটে একটি আইটিআই তৈরি হোক। কলেজ তৈরির প্রতিশ্রুতি দিয়ে আমরাই কিন্তু উপ নির্বাচনে প্রচার করেছি। ফলে কলেজ না হলে মানুষ সেটা মানবে কেন? তবে রাজ্য সরকার বা দলের নিশ্চয় সেটা মনে আছে।
যদিও এলাকার বিজেপি এমপি মনোজ টিগ্গা শাসক দলের মাদারিহাটে কলেজ তৈরির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে বলেন, কলেজ তৈরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল মাদারিহাটের উপ নির্বাচনে জিতেছিল। মাদারিহাটে আদৌ ওই কলেজ তৈরি হবে না।
এনিয়ে মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো বলেন, কে কী বলছে বলতে দিন। মাদারিহাটে আইটিআই তৈরির বিষয়টি রাজ্যকে জানানো হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ