সংবাদদাতা, নবদ্বীপ: বুধবার নবদ্বীপ হাসপাতাল চত্বরে চালু হল মা ক্যান্টিন। এর আগে নবদ্বীপ শহরে এই ক্যান্টিন চালু হয়েছে। প্রতিদিন পাঁচ টাকায় ভাত ও ডিম খাওয়ানো হয়। প্রতিদিন প্রায় ৩০০ মানুষ পেট ভরে খেতে পাচ্ছে। বুধবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের পরিবারের লোকজনও পাঁচ টাকার বিনিময়ে খাবার পাবেন।
প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে কুপন কাটতে হবে। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত খাবার দেওয়া হবে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার দুবরাজপুরের বাসিন্দা মনোহর দাস জানান, আমার স্ত্রী এখানে ভর্তি আছে। সেজন্য হাসপাতালে থাকতে হচ্ছে। বাড়ি থেকে খাবার আনা সম্ভব নয়। পুরসভার উদ্যোগে পাঁচ টাকায় ডিম ও ভাতের ব্যবস্থা হওয়ায় আমাদের মতো অনেকে উপকৃত হবে।
হাসপাতাল সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে এখনও পর্যন্ত ক্যান্টিনের জন্য কোনও বিল্ডিং তৈরি হয়নি। বিল্ডিং তৈরি না হওয়া পর্যন্ত কিয়স্কের মাধ্যমেই পাঁচ টাকার কুপনে ডিম ভাত খাওয়াবে পুরসভা। তাতে চিকিৎসা করাতে আসা রোগীর পরিবার উপকৃত হবেন। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। এই হাসপাতালে প্রতিদিন ১৬০-১৭০ জন রোগী ভর্তি থাকে। এছাড়া আউটডোরে নবদ্বীপ এবং সংলগ্ন পূর্ব বর্ধমান জেলার বহু মানুষ চিকিৎসা করাতে আসেন। অনেক সময় ডাক্তার দেখানো ও ওষুধ নিতে অনেকটা সময় লাগে। আবার হাসপাতালে ভর্তি থাকা রোগী বাড়ির লোকজনকেও এখানে থাকতে হয়। এতদিন হাসপাতালের মধ্যে কোনও খাবারের ব্যবস্থা ছিল না। সরকার অত্যন্ত মানবিকভাবে চিন্তাভাবনা করেছে।
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, ২০২১ সাল থেকে পুরসভার পাশে এই ক্যান্টিন চালু হয়েছে। এবার হাসপাতালে রোগীর পরিবার-পরিজনদের জন্য পাঁচ টাকার ডিম ভাতের ব্যবস্থা করা হল। এদিন সীমিত সংখ্যক টোকেন দিয়ে মা ক্যান্টিন চালু করা হয়েছে। আগামী দিনে ৫০০ লোকের খাওয়ার ব্যবস্থা করা হবে। -নিজস্ব চিত্র