মা হলেন অভিনেত্রী মার্গট রবি। ৩৪ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন তিনি। তাঁর কোলে এসেছে পুত্র সন্তান। গত জুলাই মাসে স্বামী তথা প্রযোজক-অভিনেতা টম আকারলির সঙ্গে ইতালি সফরে গিয়েছিলেন পর্দার ‘বার্বি’। লেক কোমোতে তাঁদের নৌকাবিহারের নানা ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই অভিনেত্রীর শারীরিক পরিবর্তন সকলের নজরে আসে। তা থেকেই স্পষ্ট হয়, অভিনেত্রীর সংসারে আসতে চলেছে নতুন সদস্য। ছেলের সম্বন্ধে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মার্গট ও টম। তবে সূত্র মারফত পাওয়া খবর, গত ১৭ অক্টোবর মা হয়েছেন তিনি। সন্তান ও মার্গট দু’জনেই সুস্থ রয়েছেন। ২০১৩ সালে টমের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। ২০১৬ সালে তাঁকে বিয়ে করেন মার্গট। এবার জীবনের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি দম্পতি। প্রথম সন্তানের আগমনে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।



