Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লটারির দোকন থেকে চুরি, ধৃত ১

লটারির দোকন থেকে চুরি, ধৃত ১
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: লটারির দোকানের দরজা ভেঙে টিকিট ও টিভি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতের নাম কৌশিক অধিকারী। রায়না থানার মিল্কিডাঙায় তার বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, রায়নার বাসিন্দা জাহির আব্বাসের লটারির দোকান রয়েছে। মাস পাঁচেক আগে কৌশিক তাঁর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেয়। বারবার তাগাদার পরও সে টাকা পরিশোধ করেনি। উল্টে টাকা চাইলেই জাহির আব্বাসকে সে গালিগালাজ করে। ঘটনার দিন ছয়েক আগে দোকানের সামনে কৌশিককে দেখতে পান জাহির আব্বাস। তিনি তার কাছে টাকা চান। টাকা না দিয়ে উল্টে তাঁকে গালিগালাজ করে অভিযুক্ত। এমনকি দোকান থেকে মালপত্র নিয়ে যাওয়ার হুমকি দেয় সে। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান জাহির। পরের দিন সকালে দোকান খুলতে এসে দেখেন, দরজা ভাঙা। ভিতর থেকে ২৬ হাজার ৪০০ টাকা মূল্যের লটারির টিকিট ও টিভি নিয়ে কেউ পালিয়ে গিয়েছে। এ নিয়ে সরাসরি কৌশিকের নাম করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। বুধবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরি যাওয়া লটারির টিকিট ও টিভি উদ্ধার করতে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ