Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাঠির আঘাতে চিতাবাঘ তাড়িয়ে নায়ক চা শ্রমিক আমরুস টোপ্পো

লাঠির আঘাতে চিতাবাঘ তাড়িয়ে নায়ক চা শ্রমিক আমরুস টোপ্পো
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: লাঠি নিয়ে তাড়া করে চিতাবাঘের হাত থেকে নিজের এবং শ্রমিকদের প্রাণ বাঁচালেন আমরুস টোপ্পো নামে এক চা শ্রমিক। কোনও সিমেনার গল্প নয়। শুক্রবার দুপুরে এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলেন বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের শ্রমিকরা। গুরুতর জখম ৪৬ বছর বয়সী ওই শ্রমিক সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিন দুপুরে লক্ষ্মীপাড়া চা বাগানে বড়া লাইনের বাসিন্দা আমরুস টোপ্পো অন্যদের সঙ্গে বিবি-থ্রি(সি) সেকশনে কাজ করছিলেন। পুরুষ শ্রমিকদের পাশাপাশি মহিলা চা-শ্রমিকরাও চা পাতা তুলছিলেন। সেই সময় মহিলা শ্রমিকরা একটি চিতাবাঘকে নালায় হেঁটে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারা সেকশন থেকে সড়ে গিয়ে পুরুষ শ্রমিকদের বিষয়টি জানান। এরপর সমস্ত শ্রমিকরা চিতাবাঘ তাড়াতে চিৎকার চেচামেচি জুড়ে দেন। সেই সময় কিছু বোঝার আগে আচমকাই একটি চিতাবাঘ আমরুস টোপ্পোর উপর ঝাপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। চিতাবাঘটি আমরুসের হাতে কামড় বসিয়ে দেয়। কিন্তু ভয় পাননি আমরুস। হাতের সামনে থাকা লাঠি নিয়ে চিতাবাঘের নাকে বারবার আঘাত শুরু করেন। নাকে আঘাত পেয়ে চিতাবাঘটি পালাতে শুরু করে। আমরুস টোপ্পোও ছাড়বার পাত্র নন। তিনিও লাঠি নিয়ে চিতাবাঘের পিছনে ছুটে যান।  লাঠি সহ শ্রমিককে তেড়ে আসতে দেখে চিতাবাঘও লেজগুটিয়ে পালিয়ে যায়। চিতাবাঘের ছুটে পালানো দেখে শ্রমিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।অনেকেই সেই দৃশ্য মোবাইলে তুলে নেন। যদিও খবর পেয়ে তৎক্ষনাৎ জখম আমরুস টোপ্পোকে উদ্ধার করে ডায়না রেঞ্জের বনকর্মীরা সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
Advertisement
জখম চা শ্রমিক আমরুস বলেন, যখন চিতাবাঘটি আমার হাতে কামড় বসিয়ে দেয়, সেই সময় আরেক হাতে থাকা লাঠি দিয়ে চিতাবাঘের নাকের মধ্যে আঘাত করি। আর এতেই নাকের নরম অংশে ব্যাথা পেয়ে পালাতে শুরু করে চিতাবাঘটি। আমিও লাঠি নিয়ে ওকে তাড়া করি। 
ডায়নার রেঞ্জার অশেষ পাল বলেন, লাঠি নিয়ে চিতাবাঘকে তাড়া করেছে আমরুস টোপ্পো নামে এক শ্রমিক। সেও আহত হয়েছে। সরকারি নিয়মঅনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। আমরা চা বাগানে নজরদারি বাড়াচ্ছি।  
সম্পর্কিত সংবাদ