Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘শ্মশান’ থেকে ‘আতঙ্ক’! থিমের পুজো ঘিরে একে অপরকে টেক্কা

‘শ্মশান’ থেকে ‘আতঙ্ক’! থিমের পুজো ঘিরে একে অপরকে টেক্কা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: বৈষ্ণবতীর্থ নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসব এবং দুর্গাপুজোয় এতদিন থিমের প্রভাব চোখে পড়েছে। ইদানীং পাড়া থেকে স্কুল সব জায়গার সরস্বতী পুজোতেও থিমের রমরমা শুরু হয়েছে। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় নবদ্বীপের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় থিম পুজোকে কেন্দ্র করে একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত পুজো উদ্যোক্তারা। এছাড়া বুড়োশিবতলা, প্রতাপনগর সহ শহরের বিভিন্ন এলাকায় এবারও পুজো মণ্ডপে বিভিন্ন থিম তুলে ধরা হচ্ছে। 
Advertisement
প্রাচীন মায়াপুর পঞ্চম লেনের ইলোরা সঙ্ঘের এবারের থিম ‘শেষ ঠিকানা’। এখানে তুলে ধরা হয়েছে মহাশ্মশান। পূজা মণ্ডপের ভেতরে তৈরি করা হয়েছে শবদাহ করার চুল্লি, মৃতদেহ রাখার অপেক্ষা ঘর, শ্মশান যাত্রীদের বিশ্রামের ঘর। রয়েছে মডেলের মাধ্যমে তৈরি নামকীর্তনের দল। তৈরি করা হয়েছে শ্মশান যাত্রীদের জন্য হোটেল, দোকান। শ্মশানের এক দিকে রয়েছে পুরনো বটগাছ তার নীচে প্রাচীন শিবলিঙ্গ। থিমের সঙ্গে মানানসই চার হাতের সরস্বতী মূর্তি। প্রাচীন মায়াপুর জাতীয় বিদ্যালয় পাড়ার ফ্রেন্ডস ইলেভেন ক্লাবের মহিলাবৃন্দের  থিম ‘বাহনের পিঠে বাগদেবী’। এখানে দেবীর বাহন হাঁসের পিঠে চড়ে মা এসেছেন। এবারও এখানে ২ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পাঁচ দিনের মেলা হচ্ছে। প্রাচীন মায়াপুর নিমতলা মোড়ের শনিমন্দির লেনের ছাত্র যুব সঙ্ঘের থিম ‘রঙিন জগতে বাণী বন্দনা’। বিভিন্ন রং ভর্তি জলের বোতল দিয়ে মণ্ডপের ভিতর সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছে।  চট দিয়ে তৈরি করা হয়েছে দোতলা একটি ‘কাল্পনিক পৌরাণিক বাড়ি’। প্রাচীন মায়াপুর সীতানাথ লেনের নিউ বয়েজ ক্লাবের  থিম ‘কাল্পনিক মন্দির’। তবে আর্টের প্রতিমায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া।
প্রতাপনগর লিঙ্ক রোডের ভাই ভাই সঙ্ঘের থিম ‘গোকুল ধাম’। এখানে থিমের মাধ্যমে শ্রীকৃষ্ণের জন্ম থেকে বাল্যকাল সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। মূলত নন্দরাজার গ্রামের পরিবেশকে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বুড়োশিবতলা ব্যানার্জিপাড়া ফ্রেন্ডস ক্লাবের থিম ‘আতঙ্ক’। এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে পুরনো জরাজীর্ণ জমিদার বাড়ি। সেই বাড়িতে এক পাশে রয়েছে প্রাচীন প্রতিমা। নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের প্রতিমার এক হাতে ব্রেইল বই ও অন্য হাতে মবিলিটি স্টিক। বর্তমান ও প্রাক্তন দৃষ্টিহীন ছাত্রছাত্রীরাই পুজোর আয়োজন করে। আরসিবি সারস্বত মন্দির স্কুলের এবার তাদের থিম ‘ক্রিকেট বিশ্বকাপ’। পড়াশোনার পাশাপাশি মোবাইল বন্দি ছাত্রদের কাছে খেলাধুলোকে অগ্রাধিকার দিতে এবার ক্রিকেট বিশ্বকাপকে থিম হিসেবে বেছে নিয়েছে তারা। নবদ্বীপের হিন্দু স্কুলের এই বছরের থিম ‘গুপী গাইন বাঘা বাইন’। নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের থিম ‘বঙ্গদেশের বৈচিত্র্য’। এ রাজ্যের বিভিন্ন জেলার নিজস্ব বৈশিষ্ট্যকে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের এবারের থিম ‘পুস্তক আজ সর্বজনীন, কলম সবার হাতে; কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট সরস্বতীর সাথে।’ বিদ্যাসাগরের নামাঙ্কিত এই কলেজে শিক্ষার মাতৃমূর্তির এক পাশে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অপরদিকে কবি কালিদাস।
Advertisement
সম্পর্কিত সংবাদ