নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অফিস টাইমে ফের মা ফ্লাইওভারে দুর্ঘটনা। পরপর তিনটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। দুর্ঘটনা ভয়াবহ না হলেও তার জেরে সকালের ব্যস্ত সময়ে নাকাল হন নিত্যযাত্রীরা। মঙ্গলবার পার্ক সার্কাসগামী ফ্ল্যাঙ্কে দুর্ঘটনাটি ঘটে। লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনার জেরে দ্বিতীয় গাড়ির চালক আংশিক জখম হয়েছেন।
Advertisement
সকাল তখন ১০টা। মা ফ্লাইওভারের পার্ক সার্কাস ও এজেসি বোস ফ্ল্যাঙ্কে থিকথিক করছে গাড়ির সারি। পুলিস সূত্রে খবর, তখন মা ফ্লাইওভারে যানবাহনের গড় গতিবেগ ছিল ১৫-২০ কিলোমিটারের আশপাশে। সেই সময় সামনের একটি গাড়ি ‘সাডেন ব্রেক’ কষে। ঠিক পিছনে থাকা দু’টি গাড়ি সময় বুঝে ব্রেক কষতে পারেনি। তার জেরে একটি গাড়ি অন্য গাড়ির বাম্পারে ধাক্কা মারে। তুবড়ে যায় দু’টি গাড়ির বনেটের একাংশ। দ্বিতীয় গাড়ির চালকের মাথায় চোট লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ট্রাফিক গার্ডের সার্জেন্ট। ডাকা হয় রেকার ভ্যান। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে রেকারের সাহায্যে ফ্লাইওভার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা প্রক্রিয়ায় প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। এর জেরে এদিন সকাল সাড়ে ১১টা পর্যন্ত মা ফ্লাইওভারে তীব্র যানজট হয়। যাত্রীদের বক্তব্য, ‘প্রতিদিন নিয়ম করে মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়। ছোটখাট দুর্ঘটনা তো লেগেই রয়েছে। অফিস টাইমে এই ধরনের ঘটনা ঘটলে তো কথাই নেই। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে কালঘাম ছুটে যায়।’ পুলিসের দাবি, দ্রুত গাড়িগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।



