Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘অ্যাকুয়াথলনে’ অংশ নিতে মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছে পাইকপাড়ার সাড়ে ৭ বছরের অভিরাম

‘অ্যাকুয়াথলনে’ অংশ নিতে মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছে পাইকপাড়ার সাড়ে ৭ বছরের অভিরাম
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার পাইকপাড়ার নর্দান অ্যাভিনিউয়ের বাসিন্দা সাড়ে সাত বছরের বালক অভিরাম ঘোষ। পুত্রজায়াতে অনুষ্ঠিত এশিয়া কাপের ‘অ্যাকুয়াথলন’ প্রতিযোগিতায় অংশ নিতে সে পাড়ি দিচ্ছে মালয়েশিয়াতে। সুইমিং, সাইক্লিং এরং ফ্ল্যাট রেসের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসছে ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় শ্রেণির ছাত্র অভিরামের ইভেন্ট ২২ ফেব্রুয়ারি। তাঁর বাবা বলরাম ঘোষ জানান, ১৯ ফেব্রুয়ারি তাঁরা ছেলেকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন।
Advertisement
তিনি জানান, এশিয়া কাপ ট্রায়াথলনে অংশগ্রহণের জন্য সম্প্রতি শান্তিনিকেতনে এক আবাসিক শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রশিক্ষণ নেয় ২০ প্রতিযোগী। ওয়েস্ট বেঙ্গল ট্রায়াথলন অ্যাসোসিয়েশনই প্রতিযোগী হিসেবে নির্বাচিত করে ছোট্ট অভিরামকে। এরপরই এশিয়া কাপে অংশগ্রহণের তোড়জোড় শুরু হয়। এই প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতা থেকে আরও দুই প্রতিযোগী অভিরামের সঙ্গে পাড়ি দিচ্ছে। তাঁদের নাম অর্ণব ভট্টচার্য ও আরোহী করকি। যদিও তাঁরা বয়সে অভিরামের থেকে অনেকটাই বড়।
অভিরামের মা ঈশিতা ঘোষ জানান, এর আগে ছেলে কলকাতার বিভিন্ন সুইমিং প্রতিযোগিতা থেকে একাধিক পুরষ্কার ছিনিয়ে নিয়ে এসেছে। স্কুলেও সে নানা প্রতিযোগিতায় একাধিক সম্মান লাভ করেছে। আমাদের আশা, এশিয়া কাপে ও একটা ভালো ফল করবে। আর অভিরাম কিছুটা লাজুকভাবে বলে, প্র্যাকটিস তো খুব ভালোভাবেই করেছি। এখন দেখা যাক কী হয়!
তার বাবার কথায়, এই প্রতিযোগিতার অংশ নেওয়ার ক্ষেত্রে আমার ছেলের দুই প্রশিক্ষক রাজদীপ মণ্ডল ও পুণম বিশ্বাসের ভূমিকা বিরাট। আমার ছেলে এর আগে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে ছিল টালা পার্ক, গিরিশ পার্ক ও নিউটাউনে। সেখানে ও প্রতিদিন সকালে ১০ কিলোমিটার সাইকেল ও ৪ কিলোমিটার দৌড় এবং বিকেলে ৩ কিলোমিটার সাঁতারে অংশ নিত। রোজের অনুশীলনে ওর কোনও ফাঁকি ছিল না। এখন আমাদের একটাই প্রত্যাশা, ও সাফল্য লাভ করুক। তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।                                                                       
Advertisement
সম্পর্কিত সংবাদ