মুম্বই: বিরোধীদের শায়েস্তা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে মোদি সরকার। বিরোধী দলগুলি বরাবরই এমন অভিযোগ করেছে। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কার্যকলাপ নিয়ে উষ্মা প্রকাশ করল বম্বে হাইকোর্ট। মুম্বইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। সেই ঘটনায় আদালতে মুখ পুড়েছে তাদের। মঙ্গলবার আদালত সাফ জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য আইন নিজেদের হাতে তুলে নিতে পারে না ইডি। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে এক লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত। ওই মামলায় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে আইনি গণ্ডির কথাও মনে করিয়ে দিয়েছে আদালত। এনিয়ে ‘কড়া বার্তা’ যাওয়া প্রয়োজন বলে পর্যবেক্ষণ হাইকোর্টের।
Advertisement
মুম্বইয়ের আবাসন ব্যবসায়ী রাকেশ জৈনের বিরুদ্ধে পুলিসের কাছে প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ করেছিলেন এক ক্রেতা। যার ভিত্তিতে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন ওই ব্যবসায়ী। তাঁর আইনজীবীর বক্তব্য, এটি একটি দেওয়ানি মামলা। সেই মামলার শুনানি চলাকালীন ইডির ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছে বিচারপতি মিলিন্দ যাদবের সিঙ্গল বেঞ্চ। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন প্রয়োগ করে সাধারণ মানুষকে হেনস্থা করার এটি একটি উদাহরণ বলে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে। বিচারপতি বলেন, ‘ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিনা কারণে আর্থিক তছরুপের মামলা করা হয়েছে।’



