Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘মানিক কাকু’ সব্যসাচী

‘মানিক কাকু’ সব্যসাচী
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বাচ্চাদের নিয়ে সময় কাটে মানিক কাকুর। উত্তর কলকাতার বাসিন্দা অবিবাহিত মানুষটির বাড়িতে রয়েছে কেবল একজন চাকর। তাই অধিকাংশ সময়ই সে কাটায় প্রতিবেশী শিশুদের সঙ্গে। তাদের নিয়েই পিকনিক, ম্যাগাজিন তৈরি— ইত্যাদি নানা কর্মকাণ্ড চলতে থাকে। এর মাঝেই একদিন মানিক কাকু ঠিক করল, স্বল্প দৈর্ঘ্যর ছবি তৈরি করবে সে। সঙ্গী প্রতিবেশী তিন খুদে। ওই বাচ্চাদের সিনেমা সংক্রান্ত নানা খুঁটিনাটি শেখাতে শুরু করে সে। এর মাঝেই আচমকাই একদিন অপহৃত হয় ওই তিনজন। খুদেরা কীভাবে উদ্ধার হবে, তা নিয়েই এগিয়েছে ‘মানিক কাকুর ক্যামেরা’ ছবির গল্প। যেখানে মানিক কাকুর ভূমিকায় রয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করছেন ঋষি মুখোপাধ্যায়, জুইন বাগচী, অমিয় মণ্ডল সহ আরও অনেকে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ১১তম আন্তর্জাতিক শিশুদের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে রাজা চট্টোপাধ্যায় পরিচালিত এই সিনেমা। আগামী ২৬ জানুয়ারি নন্দন ৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে প্রায় দু’ঘণ্টার ছবিটি। ‘মানিক কাকু’ কি সত্যজিৎ রায়ের আধারে নির্মিত? পরিচালক বলেন, ‘সত্যজিৎ রায়ের অসম্পূর্ণ প্রবন্ধ সিনেমার কথা পড়ে বিষয়টি মাথায় এসেছিল। প্রবন্ধটি বাচ্চারা কীভাবে সিনেমা তৈরি করতে পারে, সেই বিষয়ে। ওঁর এই ভাবনাই ছবিতে প্রতিফলিত হয়েছে।’ পাশাপাশি ছবিজুড়ে রয়েছে সামাজিক বার্তাও। নিউ ইয়র্কে আয়োজিত সুচিত্রা সেন ইন্টারন্যাশনাল বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছিল রাজার ছবি। এছাড়াও আরও একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। রাজা জানালেন, মার্চ বা এপ্রিল নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ