নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যার মাধ্যমে জব কার্ড হোল্ডারদের গড়ে ৫৭ দিন করে কাজ দিয়েছে রাজ্য। রাজ্যের সমস্ত দপ্তর এঁদের কাজ দিলেও, সব থেকে বেশি কর্মদিবস সৃষ্টি হয়েছে পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি, স্কুল শিক্ষার মতো দপ্তরের মাধ্যমে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর হল এই প্রকল্পের নোডাল দপ্তর। ফলে এই দপ্তর সর্বাধিক ২৪ কোটি ২৮ লক্ষ শ্রমদিবস তৈরি করেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরও। ৭ কোটি ৭১ লক্ষ শ্রমদিবস সৃস্টি নিশ্চিত করেছে এই দপ্তর। একই ভাবে এই ক্ষেত্রে কাজ চালিয়েছে পূর্তদপ্তরও।



