Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘গ্রামীণ চিকিৎসক’ হিসেবে সরকারি  স্বীকৃতির দাবি হাতুড়ে ডাক্তারদের

‘গ্রামীণ চিকিৎসক’ হিসেবে সরকারি  স্বীকৃতির দাবি হাতুড়ে ডাক্তারদের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রামের হাতুড়ে চিকিৎসকদের ‘গ্রামীণ চিকিৎসক’ হিসেবে সরকারি স্বীকৃতির পাশাপাশি তাঁদের জন্য প্রশিক্ষণের দাবি জানাল রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বাগনানের মুরগাবেড়িয়ায় সংগঠনের তৃতীয় জনসংযোগ কর্মসূচি থেকে এই দাবি তুললেন সংগঠনের সদস্যরা। এদিন হাওড়া জেলার এই কর্মসূচিতে কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের হাতুড়ে ডাক্তাররা অংশ নেন। সংগঠন সূত্রে খবর, এদিন হাওড়া জেলার পাশাপাশি কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও দুর্গাপুরে এই কর্মসূচি পালিত হয়।
Advertisement
সংগঠনের কর্তাদের দাবি, এদিন চারটি জায়গার কর্মসূচিতে প্রায় আট হাজার কোয়াক ডাক্তার অংশ নিয়েছেন। সংগঠনের রাজ্য সহ সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক বলেন, রাত বিরেতে আমরাই গ্রামাঞ্চলে মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিই। আমরা যা কাজ করি, সরকারের চোখে তা বেআইনি। কেউ আমাদের ভুয়ো চিকিৎসক, কেউ আবার কোয়াক ডাক্তার বলে জানেন। আমাদের দাবি, গ্রামীণ চিকিৎসক হিসেবে আমাদের স্বীকৃতি দেওয়া হোক। আমরা রেজিস্ট্রেশন বা চাকরির দাবি জানাচ্ছি না। আমরা শুধু পেশার স্বীকৃতি চাই। বিপ্লব মল্লিক বলেন, আগামী দিনে সরকার যদি ধারাবাহিকভাবে আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা মানুষকে আরও ভালো চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারব। ১৯৮৫ সাল থেকে এ নিয়ে আন্দোলন করলেও কোন কাজ না হওয়ায় আমরা জনসংযোগ কর্মসূচিতে নেমেছি। তিনি জানান, ২০২১ এবং ২০২৩ সালে জনসংযোগ কর্মসূচি হয়েছিল। তারপর এবার তৃতীয় জনসংযোগ কর্মসূচি পালন করা হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ