লিসবন: পেশাদার ফুটবলে প্রথম খেলোয়ার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা ৯০৮। কেরিয়ারের গোধূলিতেও যেভাবে উল্কার গতিতে এগিয়ে চলেছেন, তাতে সিআরসেভেনের হাজার গোলের নজির গড়া শুধুই সময়ের অপেক্ষা বলে মত ফুটবল মহলের। রোনাল্ডো মাথায় অবশ্য এখন আর সেসব নেই। বরং বেশি দূরের কথা না ভেবে ছোট ছোট লক্ষ্য টপকাতে চান তিনি। সোমবার পর্তুগিজ ফুটবলের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে রোনাল্ডো জানান, ‘এখন আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। খুব বেশি দূরের কথা ভাবি না। সদ্য ৯০০ গোল সম্পূর্ণ করেছি। এখনও অনেকটা পথ পেরতে হবে। আগামী দিনে শরীর কতটা সঙ্গ দেবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই ১০০০ গোলের মাইল ফলক স্পর্শ করা আমার স্বপ্ন। তবে যদি সেটা সম্ভব না’ও হয়, তাহলে কোনওরকম আক্ষেপ থাকবে না।’
Advertisement
আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ করবেন রোনাল্ডো। তবে ক্লাব ও দেশের জার্সিতে এখনও টানা ৯০ মিনিট খেলে চলেছেন তিনি। ঈর্ষণীয় ফিটনেস এবং সংযত জীবনযাপনের জন্যই তা সম্ভব বলে মনে করছেন পর্তুগিজ মহাতারকা। একইসঙ্গে জাতীয় দলের হয়ে অন্তত আরও একটি খেতাব ঘরে তোলাই তাঁর। এর জন্য সতীর্থদের চেয়ে আরও বেশি সহযোগিতা চান সিআরসেভেন। এই প্রসঙ্গে রোনাল্ডোর মন্তব্য, ‘একরাশ স্বপ্ন নিয়ে মাত্র ১৮ বছর বয়সে দেশের জার্সি গায়ে চাপিয়েছিলাম। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে আজও খিদেটা একই রয়েছে। তবে বর্তমানে অনেক ফুটবলার আর দেশের হয়ে খেলতে চায় না। এটা খুবই দুর্ভাগ্যের। তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, কেরিয়ারে অনেক ক্লাবের হয়ে খেলেছি। অনেক ট্রফি জিতেছি। তবে দেশের জার্সিতে খেলার চেয়ে তৃপ্তির আর কিছু হতে পারে না। তাই আমি চাইব, আমাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে পর্তুগাল দল যেন আরও বেশি সাফল্য পায়।’



