নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওষুধের দোকানে নাকি ‘চোর’ ঢুকেছে! অভিযোগ পেয়ে মঙ্গলবার সাতসকালে দলবল নিয়ে সেই দোকানে ছুটলেন হেয়ার স্ট্রিট থানার অফিসার। দোকানের শাটার খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের। দেখা যায়, এক ব্যক্তি মেঝেতে দিব্যি ঘুমোচ্ছেন। ডাকাডাকি করলেও ঘুম ভাঙার নাম নেই! শেষমেশ ‘কাঁচা ঘুম’ ভাঙিয়ে দেওয়ায় উল্টে মেজাজ দেখান তিনি। দোকান ছেড়ে বেরনোর নামগন্ধ নেই তাঁর। পরে জানা যায়, বিবাদী বাগের অফিসপাড়া হেমন্ত বসু সরণির ওই হোমিওপ্যাথি ওষুধের দোকানে ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় এসেছিলেন ওষুধ কিনতে। তারপর সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি।
Advertisement
এদিন সকালে ‘চোর’ ধরার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই দোকানের সামনে ভিড় জমতে শুরু করে। উৎসুক অফিসযাত্রীদের অনেককেই উঁকিঝুঁকি মারতে দেখা যায় দোকানে। প্রাথমিক তদন্তে হেয়ার স্ট্রিট থানার পুলিস জানতে পারে, মালিক আগের রাতে দোকান থেকে বেরিয়ে যাওয়ার আগে নিরাপত্তারক্ষীকে শাটার বন্ধ করে দিতে বলেছিলেন। নিরাপত্তারক্ষী ভালো করে না দেখেই দোকানের শাটার নামিয়ে দেন। ফলে আটকে পড়েন ওই ব্যক্তি। নেশার ঘোরে ওষুধের দোকানেই ঘুমিয়ে পড়েন তিনি। তাঁকে দেখেই এদিন সকালে ‘চোর’ বলে ভুল করেন দোকানদার ও নিরাপত্তারক্ষীরা। ওই ব্যক্তিকে শেষমেশ তাঁর বাবার হাতে তুলে দিয়েছে পুলিস।



