Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘চিকিৎসায় গাফিলতিতে’ রোগী মৃত্যুর ঘটনা জয়পুরে, গঠিত হল তদন্ত কমিটি

‘চিকিৎসায় গাফিলতিতে’ রোগী মৃত্যুর ঘটনা জয়পুরে, গঠিত হল তদন্ত কমিটি
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু। এমন অভিযোগে উত্তেজনা দেখা দেয় আমতা ২ ব্লকের জয়পুরের বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে। মৃতের নাম বদন দলুই (৬৫)। বাড়ি জয়পুর থানার কাঁকরোল গ্রামের কলসডিহি এলাকায়। ঘটনায় মৃতের পরিবার হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের সুপার এবং জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
প্রশাসন ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে রবিবার সকালে বিবিধর হাসপাতালে ভর্তি হন বদন দলুই। সেদিন সন্ধ্যা ৭টা থেকে বদনবাবুর পেটের যন্ত্রণা শুরু হয়, সঙ্গে বমি হতে থাকে। তখন পরিবারের পক্ষ থেকে কর্তব্যরত নার্সদের বিষয়টি জানানো হয়। কিন্তু অভিযোগ, তাঁরা দুর্ব্যাবহার করেন। বদনবাবুর শারীরিক অবস্থার ক্রমশঃ অবনতি হতে থাকলেও নার্সরা বিষয়টিকে গুরুত্ব দেননি। রাত সাড়ে ৯টা নাগাদ বদনবাবুর মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ক্ষোভে ফেটে পড়েন তাঁর আত্মীয়স্বজন। তাঁরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। পরে জয়পুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত বদন দোলুইয়ের ছেলে পরিমল দলুই অভিযোগ করেন, বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় একাধিকবার নার্সকে ডাকতে গিয়েছিলাম। কিন্তু তাঁরা আসেননি। অন্য রোগীর আত্মীয়রা ডাকতে গেলে নার্সরা তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। শেষে বাবার মৃত্যু হয়। 
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানান, হাসপাতালের সুপারকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। তাতে যদি কোনও গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ