নয়াদিল্লি: তাঁর শরীরে রয়েছে ভারতীয় ডিএনএ। ভারতীয় গান শুনলেই তিনি নাচতে শুরু করেন। রবিবার এমনই মন্তব্য করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এই কথা শুনতেই হাসিতে ফেটে পড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Advertisement
ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবিয়ান্তো। কুচকাওয়াজের পর রীতি মনে রাষ্ট্রপতি ভবনে বসেছিল নৈশভোজের আসর। সেখানেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘কয়েক সপ্তাহ আগে আমি নিজের জেনেটিক সিকোয়েন্সিং ও ডিএনএ পরীক্ষা করিয়েছিলাম। তারপরেই বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আমার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে।’ এদিন সুবিয়ান্তোকে স্বাগত জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বহুত্ববাদের এই দর্শন ও বিশ্বাস দুই দেশে বিরাজমান। সেটাই আমাদের দিশা দেখিয়েছে।’ ইন্দোনেশিয়ার সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ভারতের যোগ অতি প্রাচীন। ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ। এদিন সেকথাও জানান সুবিয়ান্তো। তাঁর কথায়, ‘আমাদের ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃত থেকে এসেছে। ইন্দোনেশিয়ার একাধিক নাম এই ভাষা থেকেই এসেছে। আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব স্পষ্ট। আমার মনে হয়, এটা আমাদের জেনেটিক্সের অংশ হয়ে গিয়েছে।’ তাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি।



