সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে বিজ্ঞানের বহু বিভাগে ভর্তির সংখ্যা তলানিতে। যা নিয়ে চিন্তিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এবছর স্নাতকোত্তরে সবমিলিয়ে ১ হাজার ২২৪ টি আসনের মধ্যে ৭৩০ জন ভর্তি হয়েছে। বিজ্ঞানের অনেক বিভাগে ভর্তি সংখ্যা তলানিতে। কোনও বিভাগে ভর্তি হয়েছেন মাত্র দু’জন। কোনও বিভাগে ভর্তির সংখ্যা অর্ধেক।
স্নাতকোত্তরে ভর্তির সংখ্যা কমে যাওয়ার কারণ নিয়ে আলোচনা করার পাশাপাশি বিভিন্ন বিভাগের অধ্যাপকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে স্নাতকে ৯৫ শতাংশ ভর্তি হলেও স্নাতকোত্তরে সেই সংখ্যা অনেকটাই কম।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগে ৪০ টি আসন রয়েছে। সেখানে ভর্তি হয়েছেন মাত্র ১৪ জন। সেরিকালচারে ৩১ টি আসন। কিন্তু এই বিভাগে ভর্তি হয়েছেন মাত্র দু’জন। রসায়নে ৪০ টি আসন। কিন্তু ভর্তি হয়েছেন মাত্র ১৫ জন। উদ্ভিদবিদ্যায় ৪০ টি আসনে ভর্তি হয়েছেন মাত্র ১৫ জন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইতিমধ্যে ১০ দফায় ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। আরও বেশ কয়েকটি দফায় ভর্তি প্রক্রিয়া চলতে পারে। সব আসনে যাতে ভর্তি হয়, তার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য দীপককুমার রায় বলেন, বিজ্ঞানের অনেক বিভাগে ভর্তির সংখ্যা অনেকটাই কমেছে। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত।
এবছর স্নাতকোত্তরে ভর্তির সংখ্যা এতটা কম কেন? বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ মনে করছেন, উচ্চশিক্ষার প্রতি পড়ুয়াদের আগ্রহ কমে যাওয়া একটা বড় কারণ। পাশাপাশি এবছর রাজ্যে দেরিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তাই অনেক পড়ুয়া ভিনরাজ্যে পড়াশোনার জন্য চলে গিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোগত কোনও সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপাচার্য।