Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৫ টাকার কানের দুল কিনতে গিয়ে খোয়াতে হল লক্ষ টাকা!

২৫ টাকার কানের দুল কিনতে গিয়ে খোয়াতে হল লক্ষ টাকা!
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভাইঝির জন্য ২৫ টাকার কানের দুল কিনতে গিয়ে অনলাইন প্রতারণার শিকার হয়ে খোয়াতে হল ১ লক্ষ ৬ হাজার টাকা! এ ঘটনায় সোমবার জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শহরের রায়কতপাড়ার বাসিন্দা বাপ্পাই সরকার। ঘটনার জেরে রীতিমতো ভেঙে পড়েছেন একটি ব্রডব্যান্ড সংস্থার কর্মী বাপ্পাই। তাঁর দাবি, একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভাইঝির জন্য ২৫ টাকার কানের দুল পছন্দ করেন তিনি। এরপর সেটি অর্ডার করতে গেলে প্ল্যাটফর্ম থেকে বলা হয়, একসঙ্গে চারটি দুল কিনতে হবে। সেইমতো ১০০টাকা দিয়ে চারটি দুল অর্ডার করেন। কিন্তু, বাড়িতে পার্সেল এলে দেখেন, চারটির বদলে একটি দুল এসেছে। এতে বিরক্ত হয়ে তিনি ওই দুল ফেরত দেওয়ার জন্য ওই অনলাইন প্ল্যাটফর্মের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেন। কিন্তু সেই সময় তাঁকে চ্যাটিংয়ের জন্য অন্যএকটি নম্বর দেওয়া হয়। সেখানে কিছুটা লেখালেখির পর একটি অ্যাপের লিঙ্ক পাঠানো হয়। বলা হয়, মোবাইলে ওই অ্যাপ ডাউনলোড করলেই তিনি দুল কেনার টাকা সঙ্গে সঙ্গে ফেরত পেয়ে যাবেন। সেইমতো অন্য একটি নম্বর থেকে ভিডিও কল করে কীভাবে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে, তা গাইড করা হয়। সেই কথায় বিশ্বাস করে বাপ্পাই অ্যাপটি ডাউনলোড করতেই তাঁর মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়। কিছুক্ষণ পরই তিনি টের পান, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’বারে এক লক্ষ ৬ হাজার তুলে নেওয়া হয়েছে। প্রথমবার ডেবিট হয়েছে ৯৮ হাজার টাকা। দ্বিতীয়বার খোয়া গিয়েছে আরও ৮ হাজার টাকা। ইউপিআই আইডি দিয়ে ওই টাকা ডেবিট হয়েছে।

Advertisement

সাইবার থানায় দায়ের করা লিখিত অভিযোগে বাপ্পাই সরকার জানিয়েছেন, ভিডিও কলে বলা হয়, অ্যাপ ডাউনলোড হওয়ামাত্রই দুল কেনার টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আমি যেন ব্যালান্স চেক করে নিই। সেইমতো অ্যাপটি ডাউনলোড করে আমি ব্যালান্স চেক করতে যেতেই মোবাইলের স্ক্রিন পাঁচ মিনিটের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়। সেসময় মোবাইলের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। বুঝতে পারি, আমার মোবাইল হ্যাক হয়েছে। ফোন স্বাভাবিক হওয়ার পর দেখি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব। তাঁর দাবি, ঘটনার পর তিনি ১৯৩০ নম্বরে ফোন করে সাইবার প্রতারণার বিষয়ে অভিযোগ জানান। এদিন জলপাইগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ করেন।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ