নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডানকুনিতে সেলের গোডাউন থেকে প্লেট ভর্তি লরি বেরিয়ে সাঁতরাগাছি আসার আগেই মাঝরাস্তায় উধাও হয়ে গেল তিনটি লরি। চালকের সঙ্গে যোগসাজশ করে ১৭ লক্ষ টাকার মাল হাপিস করে দেওয়ার অভিযোগ উঠেছে কোম্পানির তিন কর্মীর বিরুদ্ধে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে সাঁতরাগাছি থানা। খোঁজ চলছে ট্রাক চালকদের।
হাওড়া সিটি পুলিস সূত্রে খবর, সাঁতরাগাছির একটি কোম্পানি স্টিল প্লেট কেনে সেলের কাছ থেকে। ১১ সেপ্টম্বর সেলের ডানকুনির গোডাউন থেকে তিনটি লরিতে সামগ্রী আসার কথা ছিল সাঁতরাগাছির ওই কোম্পানিতে। তিনটি লরিতে প্রায় ১১ মেট্রিক টন প্লেট ছিল। যার বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও মাল এসে না পৌঁছনোয় কোম্পানির আধিকারিকরা সেলের গোডাউনে যোগাযোগ করেন। তারা জানায়, মাল তিনটি লরিতে করে চলে গিয়েছে। চালকের মোবাইল বন্ধ দেখে সন্দেহ হয় কোম্পানির মালিকদের। তাদের তরফে সাঁতরাগাছি থানায় লিখিত অভিযোগ করা হয়। তার ভিত্তিতে পুলিস প্রতারণা, জালিয়াতির মামলা রুজু করে।
ওই কোম্পানির তরফে যারা মাল বুকিংয়ের বিষয়টি দেখভাল করত তাদের ডেকে পাঠানো হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা বুঝতে পারেন, তারা এই মাল হাতানোর ঘটনায় জড়িত। এরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা পুলিশকে জানায়, বিগত সাত আট মাস ধরে তারা কোম্পানির মাল হাতাচ্ছে। মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে সরকারি কৌঁসুলি তারাগতি ঘটক বলেন, ধৃতদের বয়ান রেকর্ড করা হয়েছে। তার ভিত্তিতে লিলুয়া, হুগলির চণ্ডীতলা, ডানকুনির বেশ কয়েকটি জায়গায় তল্লাশি হয়েছে। লরির চালকরা পলাতক। এদিকে, সওয়াল শেষে বিচারক তিনজনকে পুলিশি হেপাজতে পাঠান।