Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

লম্বা রেসের ঘোড়া

নতুন প্রজন্মের রোমান্টিক হিরো হিসেবে নিজেকে প্রমাণ করেছেন কার্তিক আরিয়ান। অন্যান্য ধারার ছবিতেও তিনি সাবলীল। সদ্য তাঁর জন্মদিনে একগুচ্ছ ছবির কথা সামনে এল।

লম্বা রেসের ঘোড়া
  • ২৪ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

নতুন প্রজন্মের রোমান্টিক হিরো হিসেবে নিজেকে প্রমাণ করেছেন কার্তিক আরিয়ান। অন্যান্য ধারার ছবিতেও তিনি সাবলীল। সদ্য তাঁর জন্মদিনে একগুচ্ছ ছবির কথা সামনে এল।

Advertisement

• বলিউড বলতেই মাথায় আসে প্রেমের ছবির কথা। রাজেশ খান্না থেকে শাহরুখ খান... প্রজন্মের পর প্রজন্মের দর্শককে প্রেমে ফেলেছেন তাঁরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাতেও পরিবর্তন এসেছে। বর্তমান প্রজন্মের বহু অভিনেতাই এখন ব্যস্ত ভিন্নধারার ছবি করতে। সেখানে কার্তিক আরিয়ান স্বতন্ত্র। রোমান্টিক ঘরানাতে নতুন প্রাণ সঞ্চার করছেন তিনি। সুদর্শন, স্বতঃস্ফূর্ত অভিনয়, গল্প নির্বাচনের দক্ষতা আর বক্স অফিসের সাফল্য— কার্তিক বর্তমানে পরিচালক-প্রযোজকদের ‘ব্লু আইড বয়’। কেবল রোমান্টিক? না, কমেডি, হরর, অ্যাকশনেও মার্কশিট ভরে নম্বর পাচ্ছেন তিনি। গত শনিবার ৩৫ বছরে পা দিলেন নায়ক। আর জন্মদিনেই একগুচ্ছ ছবির ডালি সাজিয়ে অনুরাগীদের উপহার দিলেন। এদিন প্রকাশ্যে এসেছে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির টিজার। প্রথম ঝলকেই অভিনেতার দেহসৌষ্ঠব নজর কেড়েছে। কার্তিকের বিপরীতে অনন্যা পাণ্ডে। একসময় বলিউডে কান পাতলেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন শোনা যেত। পরে জানা যায়, দু’জনের বিচ্ছেদ হয়েছে। ফলে পর্দায় প্রাক্তন জুটির ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। উল্লেখযোগ্য, করণ জোহরের সঙ্গে কার্তিকের সম্পর্ক। প্রযোজক-পরিচালকের সঙ্গে কার্তিকের বিবাদ একসময় বলিউডের অন্যতম চর্চার বিষয় ছিল। সেখান থেকে কার্তিককে মাথায় রেখে গল্প ভাবছেন করণ। এ তো কম বড় পাওনা নয়! কেবল ‘তু মেরি...’ নয়, কার্তিকের অপর একটি ছবি ‘নাগজিলা’র প্রযোজকও করণ। শনিবারই তিনি জানিয়েছেন, ‘নাগজিলা’ কেবল একটি ছবি দিয়েই শেষ হবে না। বরং তার ফ্র্যাঞ্চাইজি আসবে। সেখানে ‘ধ্রুবক’ একমাত্র কার্তিক। আরও একটি ছবির কথা সামনে এসেছে। মহাবীর জৈন ও মৃগদীপ সিং লাম্বা নাকি অভিনেতাকে নিয়ে একটি কমেডি ছবির কথা চিন্তা করছেন। তা তৈরি হবে ‘মুন্নাভাই’-এর স্টাইলে। এছাড়াও শ্রীলীলার সঙ্গে একটি প্রেমের ছবিও আসছে আগামী বছর। অর্থাৎ? ‘আউটসাইডার’ কার্তিক প্রমাণ করলেন, তিনি লম্বা রেসের ঘোড়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ