লন্ডন: আগামী ২০ জুন লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তার আগে শুক্রবার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। এই ম্যাচে সবার নজর থাকবে কেএল রাহুলের দিকে। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেট খেলতে চলেছেন তারকা ব্যাটার। গুরুত্বপূর্ণ সিরিজের আগে ছন্দ খুঁজে নেওয়ার পাশাপাশি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই লক্ষ্য থাকবে লোকেশের। পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর অভিড্ঞ লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডার কি হবে? সেই দিকেও তাকিয়ে ক্রিকেটমহল। টেস্ট কেরিয়ারে ওপেনার হিসেবেই তাঁর সাফল্য বেশি। তাই নতুন বল পুরনো করার দায়িত্ব তিনি নেবেন না মিডল অর্ডারে এসে ইনিংসের হাল ধরবেন, সেটাই এখন দেখার। নর্থহ্যাম্পটনে শুভমান গিল ও সাই সুদর্শনের খেলার কথা ছিল। তবে তাঁরা শুক্রবার ইংল্যান্ডের বিমান ধরবেন। তাই ভারতীয় এ-দলের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।



