Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্নমানের সামগ্রী ব্যবহার, রাস্তা তৈরির কাজ থামাল এলাকাবাসী

সঠিক নিয়ম না মেনে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এমন অভিযোগ তুলে রাস্তা সংস্কারে বাধা দিলেন এলাকার বাসিন্দারা।

নিম্নমানের সামগ্রী ব্যবহার, রাস্তা  তৈরির কাজ থামাল এলাকাবাসী
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সঠিক নিয়ম না মেনে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এমন অভিযোগ তুলে রাস্তা সংস্কারে বাধা দিলেন এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে, দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর দেগঙ্গা থানার পুলিশ অবরোধ তুলতে যায়। তখন পুলিশের সঙ্গে এলাকাবাসীদের তুমুল ধ্বস্তাধ্বস্তি হয়। শেষে লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে বিক্ষোভকারী বেশ কয়েকজনকে আটকও করা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার চৌরাশি ও কলসুর গ্রাম পঞ্চায়েতের এই ১০ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল। পূর্তদপ্তরের পক্ষ থেকে তা পিচের করা হচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়ম মেনে এই কাজ হচ্ছে না। এলাকার মানুষকে অন্ধকারে রাখতে রাতে পিচ ঢালাই করা হচ্ছে। ফলে, কাজের কোনো গুণমান থাকছে না। একটু চাপ দিলেই পিচ উঠে যাচ্ছে। যেভাবে রাস্তা হচ্ছে তাতে এক মাসের মধ্যেই ফের তা বেহাল হয়ে পড়বে। এদিন রাস্তায় জলের পাইপ ফেলে চলে বিক্ষোভ। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় বাসিন্দা মোবারক আলি ও রিন্টু মণ্ডল বলেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। সব থেকে অবাক করার মতো বিষয় হল, রাতের অন্ধকারে ঠিকাদার কাজ করছেন। ফলে মানুষ কিছুই জানতে পারছে না। যেভাবে রাস্তা হচ্ছে, তাতে সেটা একমাসও টেকসই হবে না। সঠিক নিয়ম মেনে না করলে কাজ পুরোপুরি বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করেছেন। রাস্তাটি করছে বারাসত পিডব্লুডি ডিভিশন। তাই বিষয়টি ওই বিভাগকে জানানো হয়েছে। তিনি বলেন, তবে রাস্তার কাজ রাতে করলে দ্রুত সঠিকভাবে হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ