Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ্যপ কলেজ পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ আগরপাড়ায়

বৃহস্পতিবার রাতে আগরপাড়ার নীলগঞ্জ রোডে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের সঙ্গে স্থানীয় যুবকদের মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়ায়।

মদ্যপ কলেজ পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ আগরপাড়ায়
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার রাতে আগরপাড়ার নীলগঞ্জ রোডে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের সঙ্গে স্থানীয় যুবকদের মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়ায়। এলাকাবাসী ওই পড়ুয়াদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও নেশা করা নিয়ে সরব হন। বেলঘরিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কাউন্সিলার কলেজ কর্তৃপক্ষের আলোচনা করে উচ্ছৃঙ্খল পড়ুয়াদের আচার-আচরণের উপর রাশ টানতে অনুরোধ করেন। যদিও কলেজ কর্তৃপক্ষ  বিষয়ে সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া জানাতে চায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই বেসরকারি কলেজে অনুষ্ঠান ছিল। কলেজ গেট লাগোয়া গলিতে কয়েকজন ছাত্র মদ্যপান করছিলেন বলে অভিযোগ। সেই সময় স্থানীয় এক যুবক বাইক নিয়ে যাওয়ার সময় এক ছাত্রের গায়ে সামান্য ধাক্কা লাগলে বচসা শুরু হয়। এরপর ওই যুবককে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন ওই পড়ুয়ারা। যুবকের কপালে আঘাত লেগেছে। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে ভর্তি করেন। এরপর স্থানীয় যুবকরা পালটা আক্রমণ করেন। তাঁদের মারে কলেজের বেশ কয়েকজন পড়ুয়া কমবেশি জখম হয়েছেন। এই ঘটনা সিসি ক্যামেরাতেও রেকর্ড হয়েছে। খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

Advertisement

কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিমল সাহা বলেন, কলেজ পড়ুয়াদের সংযত আচরণ এলাকাবাসী আশা করেন। কিন্তু পড়ুয়াদের একাংশের উচ্ছৃঙ্খল আচরণ, প্রকাশ্যে নেশা করা, এলাকার যুবককে মারধরের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, আগামী দিনে এমন অনভিপ্রেত ঘটনা ঘটবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ