Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রেসিং ফুটবলে জোর লোবেরার

‘কত রান করল ওয়েস্ট ইন্ডিজ?’ সাংবাদিক সম্মেলন শেষে রিপোর্টারদের প্রশ্ন জেমি ম্যাকলারেনের। ৩১ রানে ২ উইকেট পড়ে গিয়েছে শুনে হাসি চওড়া হল অস্ট্রেলিয়ান গোল মেশিনের।

প্রেসিং ফুটবলে জোর লোবেরার
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘কত রান করল ওয়েস্ট ইন্ডিজ?’ সাংবাদিক সম্মেলন শেষে রিপোর্টারদের প্রশ্ন জেমি ম্যাকলারেনের। ৩১ রানে ২ উইকেট পড়ে গিয়েছে শুনে হাসি চওড়া হল অস্ট্রেলিয়ান গোল মেশিনের। চলতি টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করছেন ম্যাকা। তবে তাঁর দেশ অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বে বিদায় মেনে নিতে পারছেন না। ক্রিকেট তাঁর অবসরের সঙ্গী হলেও স্পন্দন যে ফুটবল। তাই মাঠে নামার আগে তাঁর মন্তব্য, ‘আমার বিশ্বাস, প্রোটিয়ারাই জিতবে। তবে আজ ক্রিকেট দেখব না। কারণ, ফোকাসে শুধুই মহমেডান স্পোর্টিং। জানি, এবার আমরা এএফসি খেলব না। তবে মোহন বাগান মাঠে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। লক্ষ্য আইএসএল ট্রফি। তার জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

Advertisement

শনিবার যুবভারতীতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামবে মোহন বাগান। প্রথম দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট তুলে নিয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ব্রিগেড। বিদেশিহীন দুর্বল মহমেডানের বিরুদ্ধে সেই আপশোস মিটিয়ে নেওয়ার সুযোগ রয়েছে সের্গিও লোবেরার সামনে। তবে স্প্যানিশ কোচ মেপে পা ফেলতে চান। তাঁর মন্তব্য, ‘জামশেদপুরের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মহমেডান। তাই ম্যাচটা সহজ হবে না। আমদের লক্ষ্য থাকবে শুরুতে গোল তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার।’ বৃহস্পতিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সেই মতো অনুশীলন সারলেন লিস্টন, রবসনরা। 
দৌড় ও ফান গেম শেষে বড়ো বোর্ড নিয়ে মাঠে ঢুকলেন বাগানের সহকারী কোচ। তার দু’দিকে একাধিক ছবি। তা দেখিয়ে সাহাল, আলবার্তোদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কোচ লোবেরা। এরপর শুরু প্রেসিং ফুটবলের মহড়া। এই পর্বে বার চারেক জাল কাঁপালেন ম্যাকলারেন। গতবারের মতো সোনার বুটের লড়াইয়ে এবারও পা বাড়িয়েছেন অজি স্ট্রাইকার। দুই ম্যাচে দু’টি গোল রয়েছে তাঁর। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ ম্যাকা। তাঁর মন্তব্য, ‘গোলের জন্য স্বার্থপর হতে পারব না। গুরুত্বপূর্ণ হল দলের জয়।’ সবশেষে প্রায় আধ ঘণ্টা হল সেটপিস অনুশীলন। সেখানে বাড়তি দায়িত্ব নিতে দেখা গেল দীর্ঘদেহী দুই ডিফেন্ডার আলড্রেড ও আলবার্তোকে।

সম্পর্কিত সংবাদ