Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লোন পাইয়ে দেওয়ার টোপ, যুবকের সাড়ে ৫ লক্ষ টাকা হাতাল প্রতারক

লোন পাইয়ে দেওয়ার টোপ, যুবকের সাড়ে ৫ লক্ষ টাকা হাতাল প্রতারক
  • ৭ মার্চ, ২০২৫ ০৯:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি সংস্থার কর্মী পরিচয় দিয়ে লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের সাড়ে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই যুবক লোন পাননি। উল্টে তাঁর কাছ থেকে লোনের জন্য আরও টাকা দাবি করা হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি প্রথমে সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করেন। পরে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। থানার এক অফিসার বলেন, এনিয়ে লাগাতার সচেতনতা চলছে। তারপরও মানুষ প্রতারকদের খপ্পরে পড়ছে। অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু হয়েছে। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেওয়া হবে। জড়িতদের ধরতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের ৫নম্বর ইছলাবাদ এলাকার চাঁদমারি রোডে ওই যুবকের বাড়ি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লোনের বিজ্ঞাপন দেখেন। তা দেখে তিনি বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। এক ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি সংস্থার কর্মী পরিচয় দিয়ে তাঁকে লোনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। তাঁর কাছ থেকে কিছু নথিপত্র চাওয়া হয়। পরে তাঁকে ১৮ লক্ষ ৭০ হাজার টাকা লোন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই টোপ তিনি গিলে ফেলেন। এরপর লোনের আবেদনের সঙ্গে বিভিন্ন কাজকর্মের জন্য তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়। কয়েক দফায় তিনি ৫ লক্ষ ৬০ হাজার ৩১৪ টাকা পাঠান। পেমেন্ট অ্যাপে এবং অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তারপর বেশ কিছুদিন কেটে গেলেও লোন মঞ্জুর না হওয়ায় ওই যুবক বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে ফের যোগাযোগ করেন। লোন পেতে হলে তাঁকে আরও টাকা দিতে হবে বলে জানানো হয়। এতে তিনি যে প্রতারকের খপ্পরে পড়েছেন তা বুঝতে পারেন। এরপরই তিনি সাইবার পোর্টালে অভিযোগ দায়ের করেন। পরে থানায় লিখিত অভিযোগ জমা দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ