নয়াদিল্লি: ৯০ মিটারের ম্যাজিক ফিগার আর বেশি দূরে নয়। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথাই শোনালেন খোদ নীরজ চোপড়া। ওলিম্পিকসে জোড়া পদক জয়ী ভারতীয় তারকা সম্প্রতি নতুন কোচ জ্যান জেলেজনির তত্ত্বাবধানে অনুশীলন করছেন। এদিন নীরজ বলেন, ‘সাম্প্রতিক ভিডিও দেখার পর উনি প্রধানত দু’টি কথা বলেছিলেন। আমার থ্রো নীচে হচ্ছে ও বাঁদিকে হেলে পড়ছি। কৌশলগত এমনই কিছু বদল আনার পরামর্শ দিয়েছেন কোচ। তাঁর পরামর্শ কাজে লাগছে। আশা করি, খুব তাড়াতাড়ি ৯০ মিটারের লক্ষ্যপূরণ করতে পারব।’
Advertisement
গত মরশুম খুব সুখের কাটেনি নীরজের। চোট-আঘাতের কারণে একাধিক প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতের সোনার ছেলে। ওলিম্পিকসেও সোনার আশা জাগিয়ে ব্যর্থ। ৮৯.৫৪ মিটার জ্যাভেলিন ছুঁড়ে রুপো নিয়ে ফিরতে হয়েছিল প্যারিস থেকে। ডায়মন্ড লিগেও শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। প্যারিস ওলিম্পিকসে পাক তারকা আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা পান। তাই ভারতের সোনার ছেলের লক্ষ্যও বেড়েছে। এদিন নীরজ বলেন, ‘এই মুহূর্তে লড়াই অনেক কঠিন। শুধু ৯০ মিটার জ্যাভেলিন ছুড়েই স্বস্তি নেই। ফয়সালা হচ্ছে তার বেশি দূরত্ব অতিক্রম করে। তার জন্যই প্রস্তুতি নিচ্ছি।’ পাশাপাশি চোট নিয়েও কথা বলেন নীরজ। তাঁর মন্তব্য, ‘কোচ জেলেজনির পরামর্শে চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তাঁর নির্দেশ মতো রিহ্যাব করে এখন আমি ফিট।’



