পাপ্পা গুহ, উলুবেড়িয়া: সামাজিক সচেতনতার বার্তা থেকে পরিবেশ বাঁচানোর ডাক। গত কয়েকবছর ধরে হরেক থিমে সেজে উঠছিল শ্যামপুরের পুজো মণ্ডপগুলি। নতুন আঙ্গিকে সেজে ওঠা এইসব মণ্ডপ পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই ধারা অনুসরণ করে এবারও বিভিন্ন থিমে সেজে উঠছে পুজো মণ্ডপ। যেমন বাড় গড়চুমুক দুর্গোৎসব কমিটি। ১৮ বছরে পদার্পণ করা এই পুজো কমিটির এবারের থিম ‘বাল্য বিবাহ রোধ’।
প্রায় ৪ লক্ষ টাকা বাজেটের এই পুজো মণ্ডপে বাল্য বিবাহের বিভিন্ন কুফল সর্ম্পকে সাধারণ মানুষকে সচেতন করা হবে। পুজো কমিটির সম্পাদক পরিমল মণ্ডল জানান, বাল্য বিবাহ বর্তমান সমাজে অন্যতম বড় সমস্যা। আর এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ। অন্যদিকে, ভগবানপুর একান্ত আপন-এর পুজো এবার ১৬তম বর্ষে পদার্পণ করল। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটের এই পুজোর এবারের থিম ‘চল মিনি অসম যাব’। পুজো কমিটির সম্পাদক স্বপন মণ্ডল জানান, মণ্ডপে অসমের মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হবে। মণ্ডপে বিভিন্ন জীবজন্তুর মডেলও রাখা থাকবে। পাশাপাশি প্রতিমাতেও চমক থাকছে বলে জানান তিনি। অপরদিকে, খাড়ুবেড়িয়া মা তারা তরুণ সংঘের পুজো এবার ৩৮তম বর্ষে পদার্পণ করল। প্রায় ৭ লক্ষ টাকা বাজেটের এই পুজোর থিম ‘জীবন্ত দুর্গা’।
পুজো কমিটির সম্পাদক গৌরমোহন দাস জানান, পুজো মণ্ডপে মহিষাসুর বধ অভিনয় করে দেখানো হবে। প্রতি আধঘণ্টা অন্তর মণ্ডপে জীবন্ত দুর্গা দেখা যাবে বলে জানান তিনি। - নিজস্ব চিত্র